লভ্যাংশ বিতরণে এইচএসবিসির সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

দেশের বৃহত্তম মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ও বার্ষিক লভ্যাংশ বিতরণ করবে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি)। মুঠোফোন কোম্পানিটির ২০১৫ সাল এবং প্রয়োজন হলে ২০১৬ সালের লভ্যাংশ বিতরণ করবে এইচএসবিসি।
গ্রামীণফোন ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটির লভ্যাংশ বিতরণের কাজ করে আসছে এইচএসবিসি।
এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তিও (ম্যানডেট) সই হয়েছে। গ্রামীণফোনের প্রধান অর্থ কর্মকর্তা দিলীপ পাল এবং এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী ফ্রাঁসোয়া ডি মারিকো চুক্তিতে সই করেন।
এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের করপোরেট ফাইন্যান্স ও ট্রেজারি ডিরেক্টর মোস্তফা আলিম আওলাদ, পরিচালক ও কোম্পানি সচিব হোসেন সাদাত, এইচএসবিসি বাংলাদেশের লার্জ করপোরেট প্রধান রিয়াজ এ চৌধুরী, পেমেন্টস অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্টের প্রধান জিশান শামসাদ প্রমুখ।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে লভ্যাংশ বিতরণ করবে এইচএসবিসি। বিজ্ঞপ্তি।