লভ্যাংশের খবরে মূল্যবৃদ্ধির শীর্ষ দশে দুই ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক বছর শেষে ঘোষিত লভ্যাংশের খবরে গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যবৃদ্ধির শীর্ষ দশে উঠে এসেছে ব্যাংক খাতের দুই কোম্পানি। সেগুলো হলো সিটি ও ওয়ান ব্যাংক। দিনের লেনদেন শেষে সিটি ব্যাংকের প্রতিটি শেয়ারের দাম প্রায় সাড়ে ১০ শতাংশ বেড়েছে। আর ওয়ান ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৭ শতাংশ।
গত মঙ্গলবার দিন শেষে ডিএসইতে সিটি ব্যাংকের প্রতিটি শেয়ারের দাম ছিল ১৭ টাকা ৩০ পয়সা। ওই দিন বিকেলে কোম্পানিটি ২০১৩ সালের সমাপ্ত আর্থিক বছরের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।
অপর কোম্পানি ওয়ান ব্যাংক ২০১৩ সালের জন্য ১৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ৯ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভা থেকে এই ঘোষণা দেওয়া হয়। আগের বছর কোম্পানিটি ৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
মঙ্গলবার উল্লিখিত দুই কোম্পানির ঘোষিত লভ্যাংশের খবর গতকাল ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। লভ্যাংশ ঘোষণার পর এদিনই ছিল কোম্পানি দুটির প্রথম লেনদেন দিবস। আর তাতে দিনের শুরু থেকে কোম্পানি দুটির শেয়ারের দামে ইতিবাচক প্রভাব পড়তে থাকে।
নিয়ম অনুযায়ী, এদিন কোম্পানি দুটির শেয়ারের দামের উত্থান-পতনের ওপর কোনো ধরনের সীমা আরোপিত ছিল না। ফলে দিন শেষে মূল্যবৃদ্ধির শীর্ষে জায়গা করে নেয় সিটি ব্যাংক। আর ওয়ান ব্যাংক ছিল এই তালিকার অষ্টম স্থানে।
নেতিবাচক প্রভাব বিমা খাতে: ব্যাংক খাতের দুটি কোম্পানি ছাড়াও বিমা খাতের কোম্পানি ইস্টল্যান্ড ও কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের লভ্যাংশের খবর এদিন প্রকাশিত হয়। তবে দিন শেষে ঘোষিত লভ্যাংশের খবরে নেতিবাচক প্রভাব পড়ে ইস্টল্যান্ড ও কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের শেয়ারের দামে।
ইস্টল্যান্ড ইনস্যুরেন্স ২০১৩ সালের জন্য ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আর কন্টিনেন্টাল ইনস্যুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগের বছর ইস্টল্যান্ড ৩০ শতাংশ বোনাস এবং কন্টিনেন্টাল ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
লভ্যাংশ ঘোষণার প্রভাবে গতকাল দিন শেষে ইস্টল্যান্ডের প্রতিটি শেয়ারের দাম প্রায় সাড়ে ৩ শতাংশ ও কন্টিনেন্টালের প্রতিটির দাম প্রায় পৌনে ৫ শতাংশ কমেছে।
এদিকে গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রশস্ত মূল্যসূচক আগের কার্যদিবসের তুলনায় দশমিক ২১ শতাংশ বেড়েছে। ডিএসইতে মোট ২৯৯ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।