লভ্যাংশের খবরে মূল্যবৃদ্ধির শীর্ষে আর্থিক খাতের দুই কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লভ্যাংশ ঘোষণার খবরে গতকাল মঙ্গলবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল ব্যাংক ও আর্থিক খাতের দুই কোম্পানি। সেগুলো হলো আইপিডিসি ও ঢাকা ব্যাংক।
এর মধ্যে আইপিডিসির প্রতিটি শেয়ারের দাম প্রায় ১৩ শতাংশ ও ঢাকা ব্যাংকের শেয়ারের দাম ৬ শতাংশ বেড়েছে।
এই দুটি কোম্পানির ঘোষিত লভ্যাংশের পরিমাণ আগের বছরের চেয়ে বেড়েছে। ঢাকা ব্যাংক ২০১৩ সালের জন্য ১৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস নিয়ে মোট ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১২ সাল শেষে কোম্পানিটি ১৬ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। এ খবরে গতকাল দিন শেষে ঢাকা ব্যাংকের প্রতিটি শেয়ারের দাম এক টাকা ৪০ পয়সা বা প্রায় সাড়ে ৬ শতাংশ বেড়ে হয়েছে সাড়ে ২২ টাকা। আর তাতেই এদিন ডিএসইর মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল ব্যাংকটি।
আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ২০১৩ সালের জন্য ৫ শতাংশ হারে নগদ ও ১০ শতাংশ বোনাস নিয়ে ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। গত বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। আগের বছরের চেয়ে লভ্যাংশ বৃদ্ধির খবরে গতকাল দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম আড়াই টাকা বা প্রায় সাড়ে ১৩ শতাংশ বেড়েছে। এর ফলে দিন শেষে এটি ডিএসইর মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকার শীর্ষে জায়গা করে নেয়।
তবে আয় ও ঘোষিত লভ্যাংশের পরিমাণ বৃদ্ধির পরও বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টসের শেয়ারের দাম কমেছে। গতকাল দিন শেষে ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম সাড়ে ২১ টাকা বা ২ দশমিক ১৫ শতাংশ কমেছে।
তালিকাভুক্ত মোট ছয়টি কোম্পানির লভ্যাংশের খবর গতকাল স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। উল্লিখিত তিন কোম্পানির বাইরে অন্য তিনটি কোম্পানি হলো: সামিট অ্যালায়েন্স পোর্ট, ফার্স্ট লিজ ফিন্যান্স ও রিপাবলিক ইনস্যুরেন্স। এদের মধ্যে সামিট অ্যালায়েন্স পোর্ট ও ফার্স্ট লিজ ফিন্যান্সের লভ্যাংশের পরিমাণ আগের বছরের চেয়ে কমেছে।
বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস ২০১৩ সালে সমাপ্ত আর্থিক বছরের জন্য ২২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। সেই হিসাবে আগের বছরের চেয়ে এবার লভ্যাংশের পরিমাণ ৪০ শতাংশ বেড়েছে। তার পরও দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম কমে নেমে এসেছে প্রায় ৯৮৮ টাকায়। যদিও এদিন ডিএসইতে বহুজাতিক অন্যান্য কোম্পানির বেশির ভাগেরই দাম বেড়েছে।
অ্যামারেল্ড অয়েল: আজ বুধবার শেয়ারবাজারে নতুন এই কোম্পানির লেনদেন শুরু হবে বলে জানিয়েছে ডিএসই। কোম্পানিটি গত জানুয়ারিতে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে বা ফেসভ্যালুতে দুই কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করেছে। নতুন কোম্পানি হিসেবে এটি ‘এন’ শ্রেণীভুক্ত হবে।
নাম পরিবর্তনের ঘোষণা: আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট তাদের নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছে। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত হয়। কোম্পানির পক্ষ থেকে ডিএসইকে সেই সিদ্ধান্তের কথা জানানো হয়, যা ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
কোম্পানিটি তাদের বর্তমান নাম পরিবর্তন করে ‘ফার্স্ট ফিন্যান্স লিমিটেড’ করতে চায়। বাংলাদেশ ব্যাংক ও জয়েন্ট স্টক কোম্পানিজের অনুমোদন সাপেক্ষে নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।