লভ্যাংশের ভিন্ন ভিন্ন প্রভাব তিন কোম্পানির বাজারদরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের আরও দুই কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি দুটি হলো এবি ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
এ ছাড়া বিদ্যুৎ-জ্বালানি খাতের কোম্পানি জিবিবি পাওয়ার সদ্যসমাপ্ত আর্থিক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
লভ্যাংশ ঘোষণায় গতকাল কোম্পানিগুলোর শেয়ারের দামে প্রভাব পড়েছে। এর মধ্যে এবি ব্যাংকের দাম কমেছে। বেড়েছে জিবিবি পাওয়ারের। আর অপরিবর্তিত ছিল ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের শেয়ারের দাম।
এদিকে বেনিফিশারি ওনার্স বা বিও হিসাবে শেয়ার না থাকার পরও শেয়ার বিক্রি বা শর্টসেলের ঘটনা তদন্তের দায়িত্ব দুই স্টক এক্সচেঞ্জের হাতে ন্যস্ত করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক চিঠির মাধ্যমে গতকাল স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বিএসইসির নিজস্ব তদারকি ব্যবস্থা বা সার্ভিল্যান্স যন্ত্রে তাৎক্ষণিকভাবে যেসব শর্টসেলের ঘটনা ধরা পড়বে, সেগুলোর বিষয়ে বিস্তারিত তদন্ত করবে স্টক এক্সচেঞ্জ। পরে এই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবে নিয়ন্ত্রক সংস্থা।
তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক সদ্যসমাপ্ত আর্থিক বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস মিলিয়ে ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। আগের বছরের চেয়ে লভ্যাংশ কমে যাওয়ায় শেয়ারের দামেও গতকাল নেতিবাচক প্রভাব পড়েছে। দিন শেষে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম এক টাকা ৩০ পয়সা কমে দাঁড়িয়েছে ২৬ টাকা ৩০ পয়সায়।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ২০১৩ সালের সদ্যসমাপ্ত আর্থিক বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। ঘোষিত লভ্যাংশে কম-বেশি না হলেও ধরন পাল্টেছে। পাশাপাশি কোম্পানিটি শেয়ারধারীদের জন্য বিদ্যমান দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি অধিকারমূলক বা রাইট শেয়ার ঘোষণা করেছে। তবে দিন শেষে ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১৪ টাকা ১০ পয়সায় অপরিবর্তিত ছিল।
বিদ্যুৎ-জ্বালানি খাতের কোম্পানি জিবিবি পাওয়ার ২০১৩ আর্থিক বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছরও এই পরিমাণ একই ছিল। আর তাতে গতকাল দিন শেষে ঢাকার বাজারে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৬০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২৮ টাকা ৯০ পয়সায়।