লস অ্যাঞ্জেলেসে রিহ্যাব ফেয়ার, অংশ নিচ্ছে ৫০ প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবার প্রথমবারের মতো রিহ্যাব হাউজিং ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। লিটল বাংলাদেশের বেভার্লি গারল্যান্ড হোটেলে আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ ফেয়ার অনুষ্ঠিত হবে। ‘রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ রিহ্যাবের উদ্যোগে এ মেলায় বাংলাদেশের ৫০টি প্রতিষ্ঠান অংশ নেবে।

১০ বছর ধরে নিউইয়র্কে নিয়মিত রিহ্যাবের উদ্যোগে রিহ্যাব হাউজিং ফেয়ার হয়ে আসছে। এতে প্রবাসে হাউজিং ব্যবসার ক্ষেত্রে ব্যাপক সাড়া পড়ে। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশে তাঁদের স্বপ্নের আবাস নির্মাণে সক্ষম হন। উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, লস অ্যাঞ্জে​লেসে প্রথমবারের মতো রিহ্যাবের এ মেলা প্রবাসীদের মিলনমেলায় পরিণত হবে।

রিহ্যাবের যুগ্ম সম্পাদক, রিহ্যাব ফেয়ার লস অ্যাঞ্জেলেস ২০১৪-এর কো-চেয়ারম্যান এবং আর্থ হোল্ডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক শাকিল কামাল চৌধুরী এবং মেলার ইভেন্ট ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর জাকারিয়া মাসুদ জানান, ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগসূত্র স্থাপনের উদ্দেশ্যে প্রথমবারের মতো লস অ্যাঞ্জেলেসে মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্লট-ফ্ল্যাট বুকিংয়ে থাকছে ১০-২০% ছাড়। ১৪ নভেম্বর, শুক্রবার সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। বেলা ২টা থেকে মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। শনি ও রোববার বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। ১৭ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে থাকবে নৈশভোজ ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

শাকিল কামাল চৌধুরী ও জাকারিয়া মাসুদ আরও জানান, মেলার দ্বিতীয় দিন শিশুদের জন্য থাকবে ‘বিউটিফুল বাংলাদেশ’ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রথম তিন প্রতিযোগীর ছবিগুলো পরের বছরের রিহ্যাব ক্যালেন্ডারে বিজয়ীদের নামসহ প্রকাশ করা হবে। রিহ্যাব ফেয়ার উপলক্ষে তথ্যসমৃদ্ধ একটি স্যুভেনির প্রকাশ করা হবে বলেও জানান তাঁরা। মেলায় কোনো প্রবেশমূল্য নেই এবং পার্কিং ফ্রি।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীতশিল্পী রিজিয়া পারভীনসহ দেশ-প্রবাসের নামকরা শিল্পীদের গানের পরিবেশনা আর জমজমাট ফ্যাশন শো থাকবে। থাকবে আকর্ষণীয় র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্রতে ভাগ্যবান বিজয়ীরা পাবেন লস অ্যাঞ্জেলেস-ঢাকা-লস অ্যাঞ্জেলেস টিকিট, এলডিসি টিভি, আইপ্যাডসহ আকর্ষণীয় পুরস্কার।

শাকিল কামাল চৌধুরী ও জাকারিয়া মাসুদ আরও জানান, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ যাতে সঠিক প্রকল্পে বিনিয়োগ হতে পারে, সে ব্যাপারে রিহ্যাব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের অনুমোদিত প্রকল্পগুলো মেলায় প্রদর্শন করতে পারবে। কর্মকর্তাদের পাশাপাশি কোম্পানির মালিকরাও থাকবেন মেলায়। ক্রেতারা সরাসরি কোম্পানির সঙ্গে কথা বলে আকাঙ্ক্ষিত প্লট বা ফ্ল্যাটের বুকিং দিতে পারবেন।

লস-অ্যাঞ্জেলেসে এবারের রিহ্যাব মেলা সফল হলে এর পর থেকে নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেস দুই ভেন্যুতেই মেলা আয়োজন করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।