লাইটার জাহাজ-সংকটে পণ্য খালাসে ধীরগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া থেকে আমদানি করা ৫৪ হাজার টন গম নিয়ে ‘এমভি ডরিক ট্রাইডেন্ট’ নামের একটি জাহাজ গত ৩ জুলাই চট্টগ্রাম বন্দরের জলসীমায় (বহির্নোঙরে) ভেড়ে। জাহাজটি থেকে গম খালাস করতে সময় লেগেছে ৫০ দিন। অথচ এই পরিমাণ গম খালাস করতে সর্বোচ্চ ২২ দিন লাগার কথা। নির্ধারিত সময়ের বাইরে বিদেশি জাহাজ বহির্নোঙরে অবস্থান করলে প্রতিদিনের জন্য ক্ষতিপূরণ গুনতে হয় আমদানিকারককে।

ওই গম আমদানি করেছে চট্টগ্রামের এস আলম গ্রুপ। গ্রুপটির শিপিং কোম্পানি বেরিং শিপিং লাইনসের ব্যবস্থাপক আহমেদ মইনুদ্দিন প্রথম আলোকে বলেন, জাহাজভাড়ার চুক্তি অনুযায়ী প্রতিদিন ৩ হাজার টন গম খালাস করার কথা ছিল। কিন্তু চাহিদা অনুযায়ী লাইটার জাহাজ না পাওয়ায় তা সম্ভব হয়নি। পেলে ২০-২২ দিনের বেশি লাগত না। উল্টো বিদেশি জাহাজের বাড়তি সময় অবস্থান করার খরচ দিতে হয়েছে। সময়মতো সব পণ্য বুঝে না পাওয়া এবং পরিবহনের বাড়তি খরচ—দুই দিকেই ক্ষতির শিকার হয়েছেন তাঁরা।

এর আগে টিকে গ্রুপের গমবাহী ‘এমভি ইরামস’ জাহাজ থেকে গম খালাস করতে সময় লেগেছে ৭৩ দিন। জাহাজটি থেকে গম খালাস শেষ হয় ২০ আগস্ট। এই জাহাজেরও গম খালাসে বিলম্বের বড় কারণ লাইটার জাহাজের সংকট।

লাইটার জাহাজ বরাদ্দ দেওয়া হয় ওয়াটার ট্রান্সপোর্ট সেল নামের একটি বেসরকারি সংস্থা থেকে। প্রতিদিন সভা করে সংস্থার হাতে খালি থাকা জাহাজ আমদানিকারকদের বরাদ্দ দেওয়া হয়। তবে লাইটার জাহাজ-সংকটের কারণে ঈদের ছুটির পর ৪ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ছয় দিনের মধ্যে চার দিনই জাহাজ বরাদ্দের জন্য সভা করতে পারেনি ওয়াটার ট্রান্সপোর্ট সেল।

চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া কনটেইনারবিহীন পণ্যের (খাদ্যশস্য, সার, সিমেন্ট, ইস্পাত ও সিরামিকশিল্পের কাঁচামাল বড় জাহাজের হ্যাচ বা খোলে আনা হয়) ৭৪ শতাংশই বহির্নোঙরে খালাস করা হয়। এর পরিমাণ গত অর্থবছরে ছিল ৩ কোটি ৬৩ লাখ টন।

পণ্যবাহী বড় জাহাজ চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়তে পারে না। এসব জাহাজ বন্দরের জেটি থেকে ১৬ কিলোমিটার দূরে সাগরে নোঙর করে রাখা হয়। ওই এলাকা বহির্নোঙর নামে পরিচিত। বড় জাহাজে করে আনা পণ্য সেখানে ক্রেনের সাহায্যে লাইটার জাহাজে স্থানান্তর করা হয়। এরপর চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের ৩৯টি ঘাট এলাকায় নিয়ে লাইটার জাহাজ থেকে পণ্য খালাসের কাজ চলে।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, অতিরিক্ত সময় অবস্থানের জন্য জাহাজভেদে প্রতিদিন সর্বোচ্চ ১৪ হাজার ডলার পর্যন্ত ক্ষতিপূরণ গুনতে হয় পণ্য আমদানিকারকদের। এই টাকা বিদেশি মুদ্রায় পরিশোধ করতে হচ্ছে। ব্যবসায়ীরা ক্ষতিপূরণ দিলেও দিন শেষে পণ্য কেনার সময় তা ভোক্তাকেই পরিশোধ করতে হচ্ছে। বছরের পর বছর বহির্নোঙরে পণ্য খালাসে কার্যত বিশৃঙ্খলা চলছে। এতে চট্টগ্রাম বন্দরের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। দেশের স্বার্থে এই অবস্থার অবসানে জরুরি ব্যবস্থা নেওয়া উচিত। কারণ, এই ক্ষতিপূরণ বিদেশি মুদ্রায় পরিশোধ করতে হচ্ছে।

বড় জাহাজ থেকে পণ্য স্থানান্তরের জন্য দেশে ১ হাজার ২০০ লাইটার জাহাজ রয়েছে। এর মধ্যে এখন সচল রয়েছে প্রায় ৯০০। গত কয়েক বছরে নতুন করে লাইটার জাহাজের সংখ্যা সেভাবে বাড়েনি। বাড়েনি পণ্য খালাসের জন্য অভ্যন্তরীণ নৌপথে ঘাটের সংখ্যাও। সারা দেশে ৩৯টি ঘাট এলাকায় লাইটার জাহাজ থেকে পণ্য খালাসেও আধুনিক ব্যবস্থা নেই। ফলে ঘাটেও লাইটার জাহাজ থেকে পণ্য খালাসের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয়।

অবশ্য লাইটার জাহাজ পরিচালনাকারী ওয়াটার ট্রান্সপোর্ট সেলের যুগ্ম আহ্বায়ক নুরুল হক প্রথম আলোকে বলেন, এখন যে পরিমাণ লাইটার জাহাজ রয়েছে, তা পর্যাপ্ত। তাহলে সংকট কেন, জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন ঘাটে পণ্য খালাস করতে গিয়ে অপেক্ষায় থাকে অনেক লাইটার জাহাজ। অনেক ক্ষেত্রে এক মাস পর্যন্ত অপেক্ষায় থাকে। ঘাটও চাহিদার তুলনায় কম। এ ছাড়া বৃষ্টি হলে পণ্য খালাসের কাজ ব্যাহত হয়। এসব কারণে কিছু সমস্যা হচ্ছে।

চট্টগ্রাম বন্দরের হিসাবে, গত পাঁচ বছরে বহির্নোঙরে খালাস হওয়া আমদানি পণ্যের পরিমাণ দ্বিগুণ বেড়েছে। ২০১১-১২ অর্থবছরে বহির্নোঙরে খালাস হওয়া পণ্যের পরিমাণ ছিল ১ কোটি ৭৮ লাখ টন। সেটি এখন বেড়ে হয়েছে ৩ কোটি ৬৩ লাখ টন। সে সময় লাইটার জাহাজ ছিল ১ হাজার। কিন্তু আমদানির পরিমাণ বাড়লেও জাহাজের সংখ্যা সেই হারে বাড়েনি।

ব্যবসায়ী ও বন্দর কর্তৃপক্ষের হিসাবে, বহির্নোঙরে এখন যে পরিমাণ পণ্য আমদানি হয়, তা খালাসের জন্য গড়ে আড়াই হাজার টন ধারণক্ষমতার আরও ২৫০ থেকে ৫০০টি লাইটার জাহাজ দরকার।

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল প্রথম আলোকে বলেন, লাইটার জাহাজের প্রয়োজনীয়তার বিষয়টি নৌপরিবহন অধিদপ্তরকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, লাইটার জাহাজ নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। তবে নৌপরিবহন অধিদপ্তর দীর্ঘ ২১ মাস নির্মাণের অনুমোদন বন্ধ রেখেছে। ২০১৫ সালের ১ ডিসেম্বর লাইটার জাহাজ নির্মাণের নকশা অনুমোদন স্থগিত করে সার্কুলার জারি করে সংস্থাটি। তবে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কিছু জাহাজের নকশা অনুমোদন দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। নকশা অনুমোদনের জন্য ঘুষ নিতে গিয়ে সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের একটি দলের হাতে গ্রেপ্তার হয়েছেন নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম।

নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বন্দর ও শিল্পমালিকেরা জাহাজ আরও বাড়ানো দরকার বলে মত দিয়েছেন। বিষয়টি যাচাই-বাছাই করে দেখছেন তাঁরা।

যাঁরা শিল্পকারখানা করেছেন, তাঁরা চাইলেও নিজেদের কাঁচামাল আমদানির জন্য লাইটার জাহাজ নির্মাণের অনুমোদন পাচ্ছেন না বলে জানান প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক। তিনি প্রথম আলোকে বলেন, শিল্পকারখানার উৎপাদনে ক্ষতি হলেও একটি মহল শুধু লাইটার জাহাজের মালিকদের স্বার্থকে বড় করে দেখছে।