লাইসেন্স চূড়ান্ত স্থগিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স কোম্পানির বিমা ব্যবসার লাইসেন্স এবার চূড়ান্তভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আইডিআরএর গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ৮৬তম সভায় এ সিদ্ধান্ত নেয়। আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এর চার সদস্য উপস্থিত ছিলেন।
আইডিআরএ সূত্র জানায়, দেশের আর্থিক খাতের (ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান) মধ্যে লাইসেন্স স্থগিতের ঘটনা এটাই প্রথম। আইডিআরএ বিমা ব্যবসার লাইসেন্স স্থগিতের চিঠি কাল বৃহস্পতিবার স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সকে পাঠাবে বলে জানা গেছে।
নানা অনিয়মের আশ্রয় নিয়ে রাষ্ট্রীয় অর্থ লুণ্ঠনের চেষ্টার দায়ে গত জুনে তিন মাসের জন্য স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের বিমা ব্যবসার লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করে আইডিআরএ। এরপর আরও দুই মাসের জন্য স্থগিত করা হয়।
গাজীপুরের কোনাবাড়ীর জারুন নামক এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের বহুতলবিশিষ্ট পোশাক কারখানা ভবন ২০১৩ সালের ২৮ নভেম্বর মধ্যরাতে আগুনে পুড়ে যায়। স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স স্ট্যান্ডার্ড গ্রুপেরই মালিকানাধীন একটি কোম্পানি, যা পুঁজিবাজারেও তালিকাভুক্ত।
আগুন লাগাকে কেন্দ্র করে বিপুল অঙ্কের টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে তুলে নিয়ে যেতে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, স্ট্যান্ডার্ড গ্রুপের বিভিন্ন কারখানা ও সাধারণ বীমা করপোরেশনের (এসবিসি) বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ ওঠে। এ নিয়ে প্রথম আলোতে ২০১৪ সালের ১৯ মার্চ ‘বিমার টাকা তুলতে অনিয়মের আশ্রয়!’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।
এরপর আইডিআরএ তদন্ত ও নিবিড় তদন্ত করে, যাতে স্ট্যান্ডার্ড গ্রুপ, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, এসবিসি, এমনকি ক্ষয়ক্ষতি জরিপকারী প্রতিষ্ঠানগুলোরও পারস্পরিক যোগসাজশের চিত্র উঠে আসে।
লাইসেন্স স্থগিত থাকা অবস্থায়ও স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স আরও কিছু আইনবহির্ভূত কাজ করে—আইডিআরএ যে কারণে কোম্পানিটিকে গত মাসে চিঠি দিয়ে জানায়, আইন লঙ্ঘন তাদের অভ্যাসে পরিণত হয়েছে।