লাইসেন্স নবায়ন নীতিমালা ব্যবসা অনিশ্চিত করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের প্রস্তাবিত দ্বিতীয় প্রজন্মের (২জি) লাইসেন্স নবায়ন মাশুল এবং স্পেকট্রামের অবিশ্বাস্য উচ্চমূল্য বাংলাদেশে টেলিযোগাযোগ ব্যবসা ও শেয়ারধারীদের ভবিষ্যৎ লভ্যাংশ অনিশ্চিত করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেডাল। হেশজেডাল বলেন, ‘আমাদের বিশ্বাস, সাধারণ মানুষ, বিশেষ করে প্রত্যন্ত এলাকার গ্রাহকদের বৃহত্তর স্বার্থ চিন্তা করে লাইসেন্স নবায়ন ও স্পেকট্রামের মূল্য নির্ধারণে মুঠোফোন অপারেটররা ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ একযোগে কাজ করবে।’গতকাল সোমবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত ‘২০১০ সালে গ্রামীণফোনের আয়-ব্যয় ও অন্যান্য কর্মকাণ্ড’ শীর্ষক সংবাদ সম্মেলনে ওডভার হেশজেডাল এসব কথা বলেন। উল্লেখ্য, আগামী মার্চে টোরি জনসনের হাতে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব তুলে তিনি বিদায় নেবেন। ওডভার জানান, চলতি বছরের ১০ নভেম্বর গ্রামীণফোনের মোবাইল সেলুলার লাইসেন্সের মেয়াদ শেষ হবে। তাই নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রকাশিত খসড়া নবায়নকাঠামো পর্যালোচনা করছে প্রতিষ্ঠান। পর্যালোচনা শেষে প্রতিষ্ঠান কমিশনের কাছে আনুষ্ঠানিক মতামত জানাবে। বাংলাদেশে মুঠোফোন শিল্প উন্নয়নে সংযোগ কর (সিম ট্যাক্স) প্রধান বাধা হিসেবে উল্লেখ করে হেশজেডাল আরও এ শিল্পের প্রবৃদ্ধির স্বার্থে অপারেটররা সিম ট্যাক্স ভর্তুকি হিসেবে দিচ্ছে, যা প্রতিষ্ঠানগুলোর মুনাফা বহুলাংশে কমাচ্ছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১০ সালে প্রতিষ্ঠানের মোট আয় হয়েছে সাত হাজার ৪৭৩ কোটি টাকা, যা ২০০৯ সাল থেকে ১৪ দশমিক ৪ শতাংশ বেশি। আর ২০১০ সালের চতুর্থ প্রান্তিকে আয় ছিল এক হাজার ৯৫৯ কোটি টাকা, যা ২০০৯ সালের চতুর্থ প্রান্তিক থেকে ১৭ শতাংশ বেশি।বর্তমানে প্রতিষ্ঠানের গ্রাহকসংখ্যা প্রায় তিন কোটি, যা বর্তমানের বাজারে মুঠোফোন গ্রাহকের প্রায় ৪৪ শতাংশ। আয়কর দেওয়ার পর ২০১০ সালে গ্রামীণফোনের নিট মুনাফা হয়েছে এক হাজার ৭১ কোটি টাকা, ২০০৯ সালে যা ছিল এক হাজার ৪৯৭ কোটি টাকা। গ্রামীণফোনের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা (চিফ ফিন্যানশিয়াল অফিসার) রায়হান শামসী জানান, ২০১০ সালে শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে সাত টাকা ৯৩ পয়সা, যা ২০০৯ এ ছিল ১২ টাকা আট পয়সা। উল্লেখ্য, সংরক্ষিত আয়ের ওপর শেয়ারধারীদের অধিকার এবং বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের অনিশ্চয়তা বিবেচনায় নিয়ে চলতি বছর ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানের পরিচালকমণ্ডলী গত বছরের জন্য শেয়ারপ্রতি সাড়ে আট টাকা বা ৮৫ শতাংশ হারে চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফলে গত জুলাই মাসে কোম্পানির অর্ধবার্ষিক ফলাফলের ভিত্তিতে গ্রামীণফোনের পরিচালকমণ্ডলীর ঘোষিত ৩৫ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশসহ ২০১০ সালের মোট লভ্যাংশ হবে ১২০ শতাংশ। রেকর্ড তারিখ ধার্য করা হয়েছে ২০ ফেব্রুয়ারি। আর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ১৯ এপ্রিল। ২০১০ সালে নেটওয়ার্ক উন্নয়ন, ডাটা ধারণক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৮৪৬ কোটি টাকা বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। সরকারি কোষাগারে তিন হাজার ৭১৫ কোটি টাকা এবং করপোরেট ট্যাক্স বাবদ ৯০০ কোটি টাকা দিয়েছে।