লাইসেন্স না পেয়ে আদালতে ছয় এমএলএম কোম্পানি
লাইসেন্সের জন্য এবার উচ্চ আদালতে গেছে বহুস্তর বিপণন (এমএলএম) পদ্ধতিতে ব্যবসা করতে চাওয়া কোম্পানিগুলো। প্রস্তাবিত ছয়টি কোম্পানি গত নভেম্বর মাসে লাইসেন্স চেয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আবেদন করেছে। কোম্পানিগুলো হচ্ছে ডেসটিনি ২০০০, ফরেভার লিভিং প্রোডাক্ট, ড্রিমস টুগেদার, দেশান বাংলাদেশ, ম্যাকনাম ইন্টারন্যাশনাল ও লাইফওয়ে বিডি।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকের কার্যালয় অর্থাৎ রেজসকোর কাছে এই ছয়টিসহ মোট ২৩টি কোম্পানির আবেদন জমা পড়েছিল। কিন্তু চারটিকে লাইসেন্স দিয়ে বাকিগুলোর আবেদন নাকচ করে দেয় রেজসকো। কোম্পানিগুলো পরে একই দাবি জানিয়ে আবেদন করে বাণিজ্য মন্ত্রণালয়ে। আবেদনপত্র যাচাই-বাছাই ও শুনানি গ্রহণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মূর্তজা রেজা চৌধুরীর নেতৃত্বাধীন একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটিই পরে আবেদন করা সব কোম্পানিকে চিঠি দিয়ে নাকচের কথা জানিয়ে দেয়।
দেশান বাংলাদেশের অর্থ ব্যবস্থাপক সজল চক্রবর্তী প্রথম আলোকে জানান, ‘আমাদের কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও অযৌক্তিকভাবে লাইসেন্স দেয়নি রেজসকো ও বাণিজ্য মন্ত্রণালয়। সুবিচারের জন্য আদালতের শরণাপন্ন হয়েছি।’
বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘আবেদনের সঙ্গে কাগজপত্র যাচাই করে দেখা গেছে, এদের কেউই লাইসেন্স পেতে পারে না।’
নাম না প্রকাশের শর্তে মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা বলেন, দেশের একশ্রেণির মানুষ খুবই সরল প্রকৃতির। আবার অন্য একটি শ্রেণি আছে ধুরন্ধর প্রকৃতির। এই ধুরন্ধরদের কাজই হচ্ছে সরল লোকদের কষ্টার্জিত টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়া। সরকার এটা বোঝে বলেই বিতর্কিত এমএলএম পদ্ধতির আর কোনো লাইসেন্স দিতে চায় না।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমএলএমের মতো প্রতারণামূলক কোম্পানির ব্যবসা করতে দিতে রাজি নন বলে প্রথম আলোকে জানান।
ছয় কোম্পানির পাশাপাশি লাইসেন্স না পাওয়া অন্য কোম্পানিগুলো হচ্ছে পিনাকল সোর্সিং, সানুস লাইফ, এবি নিউট্রিক ইন্টারন্যাশনাল, এমওয়ে ইন্টারন্যাশনাল, ভিশন ইন্ডাস্ট্রিজ, লাক্সার গ্লোবাল নেটওয়ার্কিং, ডি-ক্ল্যাসিক লাইফ, অ্যাডভান্স বাংলা, একসিলেন্ট ফিউচার মার্কেটিং, টিয়ানসি, মিশন-১০, এসএমএন গ্লোবাল ও ইনফিনিটি।
রেজসকোর লাইসেন্স পাওয়া চার কোম্পানি হচ্ছে ওয়ার্ল্ড ভিশন ২১, স্বাধীন অনলাইন পাবলিক লিমিটেড, রিচ বিজনেস সিস্টেম এবং এমএক্সএন মডার্ন হারবাল ফুড। অবশ্য এগুলো কীভাবে লাইসেন্স পেল বাণিজ্য মন্ত্রণালয় সে ব্যাপারে তদন্ত করছে বলে জানা গেছে।
এমএলএম পদ্ধতিতে ব্যবসা করার কোনো আইন ছিল না দেশে। তা সত্ত্বেও রেজসকো থেকে নিবন্ধন নিয়ে শতাধিক এমএলএম কোম্পানি গড়ে উঠে। ২০১২ সালে ডেসটিনি ২০০০ লিমিটেডের অনিয়ম-দুর্নীতি ফাঁস হওয়ার পর সরকার ২০১৩ সালের অক্টোবরে মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন প্রণয়ন করে। এ আইনের অধীনে চলতি বছরের ফেব্রুয়ারিতে করা হয় বিধিমালা।