লাইসেন্স ফিরে পেল স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স লিমিটেড লাইসেন্স ফিরে পেয়েছে। পুনঃ বিমা বিষয়ে কিছু অনিয়মের কারণে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গত বছর স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের লাইসেন্স বাতিল করেছিল।
অনিয়মগুলো হচ্ছে সন্তোষজনকভাবে পুনঃ বিমা না করা, সাময়িক স্থগিতাদেশের পরও ব্যবসা অব্যাহত রাখা, সাধারণ বিমা করপোরেশনের সঙ্গে পুনঃ বিমা করার ক্ষেত্রে শর্ত ভঙ্গ ইত্যাদি।
আইডিআরএর ওই বাতিল সিদ্ধান্তের পর কোম্পানিটি পরে আপিল করে সরকারের কাছে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কয়েক মাস ধরে যাচাই শেষে সম্প্রতি কোম্পানিটির লাইসেন্স ফিরিয়ে দেয়।
গাজীপুরের জারুন নামক এলাকায় ২০১৩ সালের ২৮ নভেম্বর মধ্যরাতে স্ট্যান্ডার্ড গ্রুপের ১০ তলাবিশিষ্ট পোশাক কারখানার ভবন আগুন লেগে পুড়ে যায়। ভবনটিতে অনেকগুলো পোশাক কারখানা ছিল। এগুলোর বিমা করা ছিল স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স কোম্পানিতে, যে কোম্পানিটির মালিকও স্ট্যান্ডার্ড গ্রুপ।
আইডিআরএ পরে এ ঘটনা নিয়ে ১৮৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন তৈরি করে, যাতে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের নানা অনিয়মের চিত্র উঠে আসে। এরপর গত বছরের জুনে প্রথমে তিন মাসের জন্য ও পরে আরও দুই মাসের জন্য কোম্পানিটির লাইসেন্স স্থগিত করে আইডিআরএ।
স্থগিতের বিরুদ্ধে আদালতে যায় কোম্পানিটি, কিন্তু কোনো ফল পায়নি। তবে কোম্পানিটি গত ডিসেম্বরে স্থগিতাদেশটি পুনর্বিবেচনার (রিভিউ) জন্য আবেদন করে আইডিআরএর কাছে। সেখানেও আইডিআরএ স্থগিতাদেশই বহাল রাখে। এরপর স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স সরকারের কাছে আপিল করে, যার সিদ্ধান্ত আসে গত সপ্তাহে।
নাম না প্রকাশের শর্তে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছিল। শেয়ারহোল্ডার ও স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সে চাকরিজীবীদের স্বার্থসহ সার্বিক বিবেচনায় কোম্পানিটিকে লাইসেন্স ফিরিয়ে দেওয়া হয়েছে।