বহুস্তর বিপণন (এমএলএম) পদ্ধতির চারটি কোম্পানির লাইসেন্সের মেয়াদ আর এক মাস আছে। কোম্পানিগুলো হচ্ছে এমএক্সএন মডার্ন হারবাল ফুড, ওয়ার্ল্ড ভিশন ২১, স্বাধীন অনলাইন পাবলিক লিমিটেড ও রিচ বিজনেস সিস্টেম।
যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (আরজেএসসি) ২০১৪ সালের ৫ মার্চ এক বছরের জন্য এই চার কোম্পানিকে এমএলএম পদ্ধতিতে ব্যবসা করার লাইসেন্স দিয়েছিল। তখন আরজেএসসির কাছে মোট আবেদন ছিল ২৩টি। আরজেএসসির অনুমোদন না পেয়ে বাকি ১৯টি প্রস্তাবিত এমএলএম কোম্পানি পরে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করে। কিন্তু মন্ত্রণালয়ও এগুলোকে লাইসেন্স দেয়নি। এর মধ্যে কয়েকটি কোম্পানি লাইসেন্সের জন্য আদালতের শরণাপন্ন হয়েছে।
আরজেএসসি সূত্র জানায়, আইনানুযায়ী আগামী ২ ফেব্রুয়ারি সোমবারের মধ্যে চারটি কোম্পানিকে লাইসেন্স নবায়নের জন্য আবেদন করতে হবে। আরজেএসসি এক মাসের মধ্যে যাচাই করে হয় তাদের লাইসেন্স নবায়ন করবে, না হয় নবায়ন করতে না পারার কারণ জানিয়ে দেবে।