মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ১৬ মাসে পর্যটকদের প্রবেশ ফি ও কার পার্কিংয়ের বিপরীতে ৩৫ লাখ ছয় হাজার ৯০ টাকা আদায় হয়েছে।জানা গেছে, ২০০৯ সালের ১ নভেম্বর থেকে প্রবেশ ও কার পার্কিংয়ের বিপরীতে ফি আদায়ের পদক্ষেপ নেওয়া হয়। সে অনুযায়ী এখন লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশের ক্ষেত্রে প্রত্যেক প্রাপ্তবয়স্ক দেশি পর্যটককে ২০ টাকা, অপ্রাপ্ত বয়স্ক ও ছাত্র পর্যটককে ১০ টাকা এবং বিদেশি পর্যটককে ৩৫০ টাকা ফি দিতে হয়। এ ছাড়া পর্যটকদের প্রতিটি মোটরযান পার্কিংয়ের বিপরীতে নেওয়া হয় ২৫ টাকা।পর্যটকদের প্রবেশ ও মোটরযান পার্কিংয়ের বিপরীতে ফি প্রবর্তনের পর ২৩ এপ্রিল পর্যন্ত ১৬ মাসে মোট এক লাখ ৫৪ হাজার ৬১ জন পর্যটক লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করেছেন। এতে রাজস্ব আদায় হয়েছে ৩২ লাখ ৫৮ হাজার ৫৯০ টাকা। আর পর্যটকদের মোটরযান পার্কিংয়ের বিপরীতে রাজস্ব আয় হয়েছে দুই লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।এদিকে সরেজমিনে আলাপকালে পর্যটকেরা অভিযোগ করেন যে প্রবেশ ফি নেওয়া হলেও লাউয়াছড়া জাতীয় উদ্যানের উন্নয়ন হয়নি।লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, সেবার মান বাড়ালে রাজস্ব আয়ও বাড়বে।