লাকসামে বিকেবির আঞ্চলিক ব্যবস্থাপক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) লাকসাম অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের এক সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম ও বরুড়ার মোট ১৮টি শাখার ব্যবস্থাপকসহ মাঠকর্মীরা অংশ নেন।এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন চৌধুরী। স্থানীয় একটি মৎস্য বীজ উৎপাদন খামার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিকেবির লাকসামের আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক ফোরকান আহমেদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন ও আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা এম এ বাশার। ফোরকান আহমেদ জানান, গত ২০০৯-১০ অর্থবছরে বিকেবির লাকসাম অঞ্চলের ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা ছিল ৫৪ কোটি টাকা। এর বিপরীতে বিতরণ হয়েছে ৪৯ কোটি ৪৮ লাখ ছয় হাজার টাকা। একই সময়ে ৪৭ কোটি ২৭ লাখ টাকার ঋণ আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩৫ কোটি ছয় লাখ টাকা।