নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে রেস্তোরাঁ ব্যবসা আরও বিপর্যয়ের মধ্যে পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সংগঠনটি বলেছে, করোনা মহামারির লোকসান থেকে তারা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এমন লাগামহীন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম তাঁদের আবারও থমকে দিয়েছে।
গতকাল শনিবার বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির ৩৪তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভায় এমন তথ্য দেওয়া হয়েছে। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে অনুষ্ঠিত সভায় সারা দেশের বিভিন্ন এলাকার রেস্তোরাঁ মালিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, সাধারণ ছুটিও বিধিনিষেধের সময় যে ক্ষতি হয়েছে, তা এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশের হোটেল-রেস্তোরাঁগুলো। এর মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ফলে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে অনেক হোটেল-রেস্তোরাঁ।
রেস্তোরাঁ মালিক সমিতি বলেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরেও কোনো হোটেল-রেস্তোরাঁয় খাবারের দাম বাড়ানো হয়নি, যদিও মজুরি ও খরচ অনেক গুণে বেড়েছে। এর মধ্যে আবার গ্যাস–পানির দামও বাড়ানোর কথা শোনা যাচ্ছে, যা রীতিমতো তাঁদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে।
ইমরান হাসান আরও বলেন, কর্মজীবী ও সাধারণ মানুষেরা যেসব হোটেলে খাওয়া দাওয়া করেন, সেখানে ৩ শতাংশ ভ্যাট আরোপ করতে হবে। তাঁর অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির মধ্যে বিভিন্ন রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনার নামে জুলুম চালানো হচ্ছে।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ওসমান গনি, সহসভাপতি শাহ সুলতান, সহসভাপতি এম রেজাউল করিম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।