লাতিন আমেরিকায় বাজার সম্প্রসারণের সম্ভাবনা আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাতিন আমেরিকায় পোশাকের বাজার তৈরির সম্ভাবনা দেখছে তৈরি পোশাক মালিক সমিতি বিজিএমইএ। বিশ্ব-অর্থনীতিতে মন্দার কারণে এ মুহূর্তে রপ্তানির কাজ কমে গেলেও সামনে বড় অর্জনের প্রত্যাশায় রয়েছেন এ খাতের শিল্পমালিকেরা।বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন-পরবর্তী (বাটেক্সপো-২০১১) এক সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার বিজিএমইএর নেতারা এ আশাবাদ ব্যক্ত করেন।সংগঠনের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। এ সময় সহসভাপতি সিদ্দিকুর রহমান, এস এম মান্নান, মেলা আয়োজক কমিটির সভাপতি নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।এবারের মেলায় তাৎক্ষণিক ছয় কোটি ৬৩ লাখ ৫০ হাজার ডলারের রপ্তানির কাজ পাওয়া গেছে বলে জানানো হয়। এই পরিমাণ আগের বছরের চেয়ে কিছুটা বেশি হলেও সন্তুষ্ট নয় বিজিএমইএ।সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, তাঁরা রপ্তানি বাড়াতে চেষ্টার কোনো ত্রুটি করছেন না। তিনি আরও বলেন, ‘ইউরোপ ও আমেরিকায় অর্থনৈতিক মন্দা আমাদের জন্য একটি সতর্কসংকেত। বাস্তবতা মোকাবিলায় আমাদের তৈরি হতে হবে।’বিজিএমইএর সভাপতি বলেন, বছরের এ সময় সোয়েটারের কাজ কম থাকে। পাশাপাশি মন্দার কারণেও অনেক কারখানা কাজ পাচ্ছে না।মেলায় লাতিন আমেরিকা থেকে একটি প্রতিনিধিদল এসেছিল বলে জানান সফিউল ইসলাম। তিনি বলেন, ‘লাতিন আমেরিকায় আমাদের বাজার সম্প্রসারণের সম্ভাবনা আছে। আমাদের আলোচনার কারণেই পেরু শুল্কহার ১৩ শতাংশ থেকে ১১ শতাংশে নামানোর কথা জানিয়েছে। সরকারিভাবে আলোচনা হলে আরও সুযোগ পাওয়া যাবে।’জেনেভায় কাল থেকে শুরু হওয়া বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সম্মেলনে লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে অনেক সভা হবে। এতে রপ্তানি বাজার বৃদ্ধির ক্ষেত্রে নানা ধরনের সুবিধা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।