লাফার্জ ও হোলসিম একীভূত হচ্ছে
সিমেন্ট উৎপাদনকারী দুই বহুজাতিক কোম্পানি লাফার্জ ও হোলসিম একীভূত হতে যাচ্ছে। গত শুক্রবার আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে কোম্পানি দুটির একীভূতকরণের খবর বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে।
সিমেন্ট প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান হোলসিম হলো সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানি এবং লাফার্জ হলো ফরাসি কোম্পানি। বিশ্বের ৬৪টি দেশে লাফার্জের ও ৭০টি দেশে হোলসিমের কার্যক্রম রয়েছে। বাংলাদেশেও এই দুটি কোম্পানির কার্যক্রম রয়েছে। এর মধ্যে লাফার্জ সুরমা সিমেন্ট বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত।
দুই কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একীভূতকরণের বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে আলোচনার বেশ অগ্রগতি হয়েছে। দুই কোম্পানি দৃঢ়ভাবে বিশ্বাস করে, দুইয়ে মিলে একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারে। কর্মপরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের বেশ মিল বা নৈকট্য রয়েছে। দুই কোম্পানির নিজস্ব শক্তি ও পরিচিতির বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে একীভূতকরণের আলোচনা চলছে। তবে এই আলোচনা এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো রূপ পায়নি বা চূড়ান্ত রূপ পাবে—এমনটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানি দুটি একীভূত হলে বিশ্বজুড়ে তাদের সমন্বিত বিক্রির পরিমাণ দাঁড়াবে প্রায় চার হাজার কোটি মার্কিন ডলার।