লাফার্জ-হোলসিম একীভূতকরণে অনিশ্চয়তা কাটল
বিশ্বের অন্যতম বৃহৎ দুই সিমেন্ট কোম্পানি লাফার্জ ও হোলসিমের একীভূতকরণ নিয়ে হঠাৎ তৈরি হওয়া অনিশ্চয়তার আপাতত অবসান ঘটেছে। একীভূতকরণ কার্যক্রমকে এগিয়ে নিতে নতুন করে সমঝোতায় পৌঁছেছে কোম্পানি দুটি। এতে কোম্পানি দুটির একীভূতকরণ কার্যক্রম আবারও সঠিক ধারায় ফিরেছে বলে দাবি করা হচ্ছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
নতুন সমঝোতা অনুযায়ী, ফ্রান্সভিত্তিক লাফার্জের শেয়ারধারীরা কোম্পানিটির ১০টি শেয়ারের বিপরীতে সুইজারল্যান্ডভিত্তিক হোলসিমের নয়টি শেয়ার পাবেন। কিন্তু এর আগে গত বছরের এপ্রিলে যখন কোম্পানি দুটির মধ্যে চুক্তি হয়েছিল তখন বলা হয়েছিল, লাফার্জের শেয়ারধারীরা একটি শেয়ারের বিপরীতে হোলসিমের একটি শেয়ার পাবেন। অর্থাৎ ১: ১ হারে শেয়ার বরাদ্দের কথা ছিল।
ওই ঘোষণার পর থেকে লাফার্জের চেয়ে হোলসিমের শেয়ারের দাম তুলনামূলকভাবে বেশি বাড়ে। সে আলোকে হোলসিম সম্প্রতি ঘোষণা দেয়, চুক্তি অনুযায়ী একীভূতকরণ কার্যক্রম আর সামনে এগোচ্ছে না।
হোলসিমের পক্ষ থেকে আরও বলা হয়, তারা এখন ‘বিশ্বস্ততার সঙ্গে’ শেয়ার বিনিময়ের অনুপাত নির্ধারণ ও পরিচালন কার্যক্রম নিয়ে নতুন করে সমঝোতা বা মতৈক্য এবং যৌথ কোম্পানির ব্যবস্থাপনা নিয়েও পর্যালোচনার দাবি তোলে। এরই পরিপ্রেক্ষিতে কোম্পানি দুটি নতুন সমঝোতায় উপনীত হয়। হোলসিমের দাবি মেনে যৌথ কোম্পানির প্রধানের দায়িত্ব থেকে প্রধান নির্বাহী ব্রুনো ল্যাফঁতকে সম্মানজনকভাবে সরিয়ে নিতে সম্মত হয় লাফার্জ। এর আগে লাফার্জের ব্রুনো ল্যাফঁতকে একীভূত কোম্পানির প্রধান করা হয়েছিল। এখন তিনি অনির্বাহী কো-চেয়ারম্যান হবেন। নতুন চুক্তির ফলে যৌথ কোম্পানিতে হোলসিমের অংশীদারত্ব বা মালিকানা বেড়ে দাঁড়াবে ৫৫ দশমিক ৬ শতাংশ। আগের চুক্তিতে এই হার ছিল ৫৩ শতাংশ।
লাফার্জ ও হোলসিম একীভূত হলে তৈরি হবে বিশ্বের বৃহত্তম একক সিমেন্ট কোম্পানি। যার বার্ষিক বিক্রির পরিমাণ দাঁড়াবে ৩ হাজার ২০০ কোটি মার্কিন ডলার। টাকার হিসাবে যার পরিমাণ দাঁড়াবে প্রায় আড়াই লাখ কোটি টাকা, যা বাংলাদেশের চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের সমান।