লাভবান হচ্ছে না বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঞ্চলিক বাণিজ্য ও সহযোগিতা চুক্তি থেকে বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলো (এলডিসি) খুব বেশি লাভবান হচ্ছে না। মূলত অল্প কিছু দেশের কারণে এসব চুক্তি কার্যকর হচ্ছে না।এ ছাড়া আঞ্চলিক বাণিজ্যে এখন শুল্ক বাধার চেয়ে অশুল্ক বাধাই বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। এসব বাধা দূর করে অঞ্চলভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন করা সম্ভব।রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্ট (আপটা) বিষয়ে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়, ইউএনএসকাপ ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।সেমিনারের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, বর্তমানে ৪২ থেকে ৪৪ দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় চুক্তি আছে। কিন্তু কোনো দেশের সঙ্গেই মুক্তবাণিজ্য চুক্তি নেই। এটা দুঃখজনক। তিনি বলেন, ‘বিভিন্ন দেশেই আমরা অশুল্ক বাধার সম্মুখীন হই। এটা অনেক ক্ষেত্রে বেশি।’বাণিজ্যমন্ত্রী বলেন, আঞ্চলিক চুক্তিগুলো থেকে কী কী সুবিধা মিলছে এবং কী কী বাধার সম্মুখীন হতে হচ্ছে, মন্ত্রণালয় সেসব মূল্যায়ন করবে। অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের স্বার্থেই আন্তআঞ্চলিক চুক্তিগুলো বাস্তবায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান বলেন, দুঃখজনকভাবে বাংলাদেশের মতো ছোট দেশগুলোর জন্য আপটা এখনো উপকার বয়ে আনতে পারেনি। অথচ ছোট দেশগুলোরই বেশি সহায়তা প্রয়োজন। আপটাসহ বিভিন্ন বাণিজ্য চুক্তির বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘বাংলাদেশ কি এসব চুক্তি থেকে প্রত্যাশিত সুবিধা ভোগ করতে পারছে? ডি-৮, বিমসটেক, সাফটা ও আপটাভুক্ত দেশগুলোতে বাংলাদেশের আমদানি ও রপ্তানির পরিসংখ্যান বলে, এসব অঞ্চলের সঙ্গে বাংলাদেশের এখনো বাণিজ্যঘাটতি রয়েছে এবং তা বেড়েই চলেছে।’ইউএনএসকাপের পরিচালক রবি রত্নায়েকে বলেন, ‘বাণিজ্যের ক্ষেত্রে আমরা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ওপর অনেক বেশি নির্ভরশীল। এ জন্য তারা যখনই কোনো সংকটে পড়ে, তখন আমরাও আক্রান্ত হই। এ থেকে উত্তরণে আঞ্চলিক বাণিজ্য ও সম্পৃক্ততা আরও জোরদার করতে হবে।’ তিনি বলেন, ‘আপটায় যুক্ত হওয়ার ফলে পুরো এশিয়ার সঙ্গে এক ধরনের নেটওয়ার্কে যুক্ত হয়ে গেছে বাংলাদেশ। এ সুযোগ বাংলাদেশ কাজে লাগাবে কি না, সে সিদ্ধান্ত তাকেই নিতে হবে।’সেমিনারে জানানো হয়, ২০১০-১১ অর্থবছরে আপটাভুক্ত দেশগুলোতে বাংলাদেশ রপ্তানির পরিমাণ আপটার মোট রপ্তানির মাত্র ৪ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে দেশগুলো থেকে আমদানি করেছে ৩৪ দশমিক ৫৬ শতাংশ। অধিবেশন: সেন্টার ফর পলিসি ডায়ালগের জ্যেষ্ঠ গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, গবেষণায় দেখা গেছে, আপটাভুক্ত দেশগুলোতে বাণিজ্যে যত খরচ হয়, তার মাত্র ১০ শতাংশ হয় শুল্কগত কারণে। বাকিটা হয় অশুল্ক বাধায়। তিনি বলেন, বাণিজ্য সম্প্রসারণে আপটাভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে এখন দ্বিপক্ষীয় বাণিজ্যে যাচ্ছে। এটা আপটা চুক্তির নেতিবাচক দিক।ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, বিদ্যুৎ ও জ্বালানিসংকট ব্যবসায়ীদের বড় প্রতিবন্ধকতা। নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ৫০ হাজার মেগাওয়াটের বেশি উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদিত হয়। ওই বিদ্যুৎ কাজে লাগানো যেতে পারে। এ জন্য আঞ্চলিক সহযোগিতা চুক্তি প্রয়োজন। সরকারের নীতিনির্ধারকেরা বিষয়টি ভেবে দেখতে পারেন।নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, ‘সাফটা, আপটাসহ আঞ্চলিক চুক্তিগুলো সম্পর্কে সব ব্যবসায়ী সচেতন নন। এটা চুক্তি বাস্তবায়নের বড় প্রতিবন্ধকতা।’ তিনি বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যে শুল্কই শুধু সমস্যা নয়, অনেক ক্ষেত্রে অশুল্ক বাধা শুল্ক বাধার চেয়ে বড় হয়ে ওঠে।পলিসি রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক আশিকুর রহমান বলেন, আঞ্চলিক সম্পৃক্ততা (কানেকটিভি) হতে হবে অর্থনৈতিক বিষয়, রাজনৈতিক নয়।সেমিনারে বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ফিরোজ আহমেদ, অতিরিক্ত সচিব এ টি এম মর্তুজা রেজা চৌধুরী, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু প্রমুখ উপস্থিত ছিলেন।