
কৃষক শমসের মণ্ডল এক বছর আগে কুষ্টিয়ার সদর উপজেলার উজানগ্রাম পশুর হাট থেকে ছয়টি গরু কিনেছিলেন প্রতিটি ৮০ থেকে ৮৫ হাজার টাকা দরে। গত ঈদুল আজহার বাজারে প্রতিটি গরু তিনি গড়ে ১ লাখ ২০ হাজার টাকা দরে বিক্রি করেছেন। তাঁর হিসাবে এতে লাভ হয়নি, উল্টো লোকসান গুনতে হয়েছে। কারণ, প্রতিটি গরুর পেছনে মাসে প্রায় ৭ হাজার টাকা খরচ হয়েছে।
শমসের মণ্ডল গত সোমবার ওই হাটে আবার এসেছিলেন গরু কিনতে, এবারও লক্ষ্য ছয়টি গরু কেনা। এই গরু কিনে তিনি বছরখানেক পালন করে আগামী কোরবানির বাজারে বিক্রি করবেন। এ বছর লোকসান দিলেও আগামী বছর লাভের আশা করছেন তিনি।
উজানগ্রাম হাটটি ছয় দশকের পুরোনো। এটি কুষ্টিয়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। প্রতি সপ্তাহে দুই দিন ওই হাট বসে। সোমবার ওই হাটে গরু বিক্রি হয়, শনিবার বিক্রি হয় মহিষ। গত সোমবার ছিল সাপ্তাহিক হাটের দিন। দুপুরের পরে সেখানে গিয়ে দেখা যায়, গরুর খামারি, বিক্রেতা ও ফড়িয়া ব্যবসায়ীতে হাট ভরা। স্থানীয় কৃষকেরা যেমন সেখানে গরু বিক্রির জন্য এসেছেন, আবার স্থানীয় খামারিরা আগামী এক বছর পালনের গরু কিনতে সেখানে গেছেন। আবার গ্রাম থেকে গরু কিনে ফড়িয়া ব্যবসায়ীরা গেছেন তা বিক্রির জন্য।
উজানগ্রাম হাটে গত সোমবার বিক্রির জন্য উঠেছিল প্রায় দুই হাজার গরু। এর মধ্যে প্রায় সবই ছিল ছোট ষাঁড়। হাটের ফড়িয়া ও বিক্রেতারা জানান, এখন যা বিক্রি হবে তা পালন করার জন্য। ষাঁড় কিনে নিয়ে খামারিরা মোটাতাজা করবেন। এক বছর পর বড় হলে তা কোরবানির বাজারে ভালো দামে বিক্রি করা হবে।
হাটের নিয়মিত ফড়িয়া শফিয়ার রহমান প্রথম আলোকে বলেন, এবার যাঁরা গরু পালন করেছিলেন, তাঁদের প্রত্যেকের লোকসান হয়েছে। ১ হাজার মুঠি খড়ের দাম ৪ হাজার টাকা। ভুসির কেজি ৩০ টাকা। লবণের দামও দ্বিগুণ। এত খরচ করে পালন করে কাঙ্ক্ষিত দাম না পেলে কষ্টটাই বৃথা।
এক বছর আগের তুলনায় গরুর দাম কেমন, প্রশ্নের জবাবে তিন ধরনের উত্তর পাওয়া গেল। বিক্রির জন্য যাওয়া কৃষকেরা বললেন, দাম কম। কিনতে আসা খামারিরা বললেন, দাম বেশি। আর ফড়িয়ারা বললেন, আগের মতোই আছে। তবে তিন পক্ষই একটি বিষয়ে একমত, সেটি হলো কয়েক বছর আগের তুলনায় দাম অনেক বেশি।
বিক্রেতারা জানান, হাটে সোমবার ক্রেতার সংখ্যা কম ছিল। কারণ হিসেবে ফড়িয়ারা জানান, মানুষের বাড়িতে এখন গরুকে খাওয়ানোর জন্য খড় নেই। আমন মৌসুমে ধান ওঠার পর পালন করার জন্য গরুর চাহিদা বাড়বে।
কুষ্টিয়া এলাকায় এবার বন্যা হয়নি। গত বোরো মৌসুমে উৎপাদিত ধান ও পেঁয়াজের ভালো দাম পেয়েছেন তাঁরা। পাশাপাশি সবজির বাজারও ভালো। এতে কৃষকদের কাছে ভালো অর্থ থাকার কথা। স্থানীয় বড়ইটুপি গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, ধান আর পেঁয়াজে কিছু পয়সা হয়েছিল। তা আবার পাটে দিয়ে দিতে হচ্ছে। তিনি বলেন, নতুন মৌসুমে পাটের মণপ্রতি দাম ১ হাজার ২০০ টাকায় নেমেছে। পাট কাটা, ধোয়া ও পরিবহনের খরচই এর কাছাকাছি। উৎপাদন খরচ না হয় বাদই রইল।
আনোয়ার হোসেনও বছরখানেক আগে দুটি গরু ২ লাখ ৪০ হাজার টাকায় কিনে পালন করেন। তা পরে কোরবানির হাটে ৩ লাখ ৩৫ হাজার টাকায় বিক্রি করেন। তিনি বলেন, ‘একটা গরু মাসে ৭ হাজার টাকার খাবার খায়। আট মাসে দুটি গরুর পেছনে ব্যয় ১ লাখ ১২ হাজার টাকা। এই হিসাবে আমার ১৭ হাজার টাকা লোকসান হয়েছে। আর খাটুনি গেছে বিনা মূল্যে।’
উজানগ্রাম হাট ৬৫ বছর আগে প্রতিষ্ঠিত হয় জানিয়ে স্থানীয় বাসিন্দা আক্কাচ আলী বলেন, তাঁর পিতা প্রথম বছর ২৭০ টাকায় হাটটি ইজারা নিয়েছিলেন। এখন বছরে ইজারামূল্য উঠেছে প্রায় ৭ লাখ টাকায়। এই হাট ও হাটকেন্দ্রিক কার্যক্রম এ অঞ্চলের অর্থনীতিতে অবদান রাখছে।