লাভের নিশ্চয়তা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বিনিয়োগ বাড়াতে হলে এ ব্যবস্থা থেকে বেসরকারি খাতের বিনিয়োগকারীদের লাভের নিশ্চয়তা থাকতে হবে। পাশাপাশি অর্থায়নকারীদের অর্থ ফেরতের নিশ্চয়তাও দিতে হবে।
‘পিপিপির চ্যালেঞ্জ দূর করতে যা অবশ্যই করতে হবে’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার ঢাকার লেকশোর হোটেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিপিপি কর্তৃপক্ষ এ বৈঠকের আয়োজন করে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বৈঠকটি সঞ্চালনা করেন। তিনি বলেন, পিপিপি কী, তা সঠিকভাবে বোঝাতে না পারায় বিনিয়োগকারীদের আকৃষ্ট করা যাচ্ছে না।
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেন, পিপিপি নিয়ে বেসরকারি খাতে স্বস্তির অভাব রয়েছে। পিপিপি বিষয়ে স্পষ্ট ধারণা না থাকাই এ স্বস্তিহীনতার কারণ। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম অপ্রদর্শিত অর্থ পিপিপিতে বিনিয়োগের সুযোগ দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, এতে অর্থ পাচার কমবে। একই ধরনের পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামাল।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান, সড়ক পরিবহন বিভাগের সচিব এম এ এন সিদ্দিকী, পিপিপি কার্যালয়ের প্রধান নির্বাহী সৈয়দ আফসর এইচ উদ্দিন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বক্তব্য দেন।