গতকাল সোমবার নাটোরের লালপুর উপজেলায় অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিলের (এনবিএসএম) ২০১০-১১ মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। মৌসুমের শুরুতে এনবিএসএম কর্তৃপক্ষ বলেছিল, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ মাড়াই করতে পারলে এবার এই চিনিকলে প্রায় ১০ কোটি টাকা লাভ হবে। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ আখ মাড়াই করেও এখন প্রায় ১০ কোটি টাকা লোকসানের কথা শোনা যাচ্ছে।মিলের ব্যবস্থাপনা পরিচালক হারেছ আলী জানান, বৈরী আবহাওয়ার কারণে এ মৌসুমে চিনি আহরণের পরিমাণ কম হওয়ায় অধিক আখ মাড়াই করেও লাভ করা সম্ভব হচ্ছে না। চিনি আহরণের মাত্রা ঠিক থাকলে এবার মিলটির ১০ থেকে ১৫ কোটি টাকা লাভ হতো বলে তিনি উল্লেখ করেন।মিলটির মহাব্যবস্থাপক (কৃষি) অলিক সোম জানান, এবার ১৩৩ কর্মদিবসে দুই লাখ ২০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১৬ হাজার ৫০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত বছর ২২ অক্টোবর মিলটির চলতি ২০১০-১১ মাড়াই মৌসুম শুরু হয়। তখন চিনি আহরণের হার ধরা হয় ৭ দশমিক ৫০ ভাগ। কিন্তু ১৫০ কার্যদিবসে দুই লাখ ৪৭ হাজার ১৯৪ মেট্রিক টন আখ মাড়াই করে মিলটিতে চিনি উৎপাদন হয়েছে ১৫ হাজার ৮০০ মেট্রিক টন। চিনি আহরণের হার ছিল ৬ দশমিক ৪০ ভাগ। লক্ষ্যমাত্রার চেয়ে ১৭ কর্মদিবসে ২৭ হাজার ১৯৪ মেট্রিক টন বেশি আখ মাড়াই করেও এই মৌসুমে মিলটিকে প্রায় ১০ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। গত বছরও নয় কোটি ৭০ লাখ টাকার লোকসান গুনতে হয়।