লালপুরের বেনারসি পল্লিতে ব্যস্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুরে বেনারসি পল্লিতে ঈদের শাড়ি তৈরি করছেন একজন কারিগর l প্রথম আলো
নাটোরের লালপুরে বেনারসি পল্লিতে ঈদের শাড়ি তৈরি করছেন একজন কারিগর l প্রথম আলো

পুঁজির অভাবে নাটোরের লালপুর উপজেলার ধানাইদহপাড়ার ঐতিহ্যবাহী বেনারসিপল্লির তাঁতিরা নিজ পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। তবে যাঁরা আছেন, তাঁরা ঈদ সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন। চাহিদা অনুযায়ী শাড়ি সরবরাহে হিমশিম খাচ্ছেন তাঁরা।
গত বুধবার বেনারসিপল্লি ঘুরে দেখা যায়, বেনারসি শাড়ি প্রস্ততকারী কারিগরেরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রবীণ কারিগর সানাউল্লা মিয়া বলেন, ২০ বছর আগে ধানাইদহপাড়ার জাফর মৌলভী প্রথম নিজ বাড়িতে তাঁত বসিয়ে বেনারসি শাড়ি তৈরির কাজ শুরু করেন। শাড়ির উন্নত মান ও তুলনামূলক কম দাম হওয়ায় এখানকার শাড়ির কদর বেড়ে যায়। ২০০৯ সালের আগ পর্যন্ত গ্রামে এক এক করে ৯৫টি তাঁত বসে। কিন্তু এরপর বেচাকেনা কমে যায়। তখন অনেকেই তাঁত বিক্রি করে অন্য পেশায় চলে যান। পরে পুঁজির অভাবে তাঁরা আর তাঁত বসাতে পারেননি।
বর্তমানে এখানে ১৭টি তাঁতে উন্নত মানের বেনারসি শাড়ি তৈরি হচ্ছে।একটি শাড়ি তৈরিতে একজন কারিগরের তিন থেকে চার দিন সময় লাগে এবং এক হাজার ২০০ থেকে দুই হাজার টাকার সুতার প্রয়োজন হয়।প্রতিটি শাড়ির জন্য তাঁরা মজুরি পান এক হাজার
থেকে এক হাজার ২০০ টাকা। একটি শাড়ি দুই হাজার ৫০০ থেকে চার হাজার ৫০০ টাকা দরে পাইকারি বিক্রি হয়।
লালপুরে প্রস্তুতকৃত শাড়ির মধ্যে ফিগার সবচেয়ে দামি। এর পাইকারি মূল্য চার হাজার ৫০০ টাকা। তবে এখানে তৈরি বারকেট, নেট, জানিবাহার, টাইটনিক্সসহ অন্য নাম ও ডিজাইনের শাড়ির কদর বেড়েছে ঢাকাসহ সারা দেশে। মহাজনেরা সরাসরি এখান থেকে শাড়ি কিনে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করেন। তারা নিজেদের কোম্পানির নামের লেবেল সেঁটে খুচরা বাজারে ছেড়ে দেন। খুচরা বাজারে একেকটি শাড়ি বিক্রি হয় ৮ থেকে ১৫ হাজার টাকায়।