লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন বেশ জমে উঠেছে। দীর্ঘ প্রায় ১৩ বছর পর কাল শনিবার অনুষ্ঠিত হবে এ নির্বাচন।২০১২ থেকে ’১৪ সাল পর্যন্ত মেয়াদের এ নির্বাচনকে ঘিরে জেলার ব্যবসায়ী মহলে ব্যাপক আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি প্যানেলের প্রার্থীরা সবাই এখন ব্যস্ত শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায়। এর আগে ১৯৯৯ সালে সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে এ চেম্বারের নেতৃত্ব নির্বাচিত হয়েছিল।লালমনিরহাট চেম্বারের এ নির্বাচনে বর্তমান সভাপতি শেখ আবদুল হামিদ ও ব্যবসায়ী ফজলুল হকের নেতৃত্বাধীন প্যানেল গত বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে। শহরের একটি শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এ সভায় প্যানেলের দুই নেতা ছাড়াও প্রার্থীদের মধ্যে সাধারণ শ্রেণীর হুমায়ুন কবীর, খোরশেদ আহমেদ ও হাবিবুর রহমান; সহযোগী শ্রেণীর আবদুল হাই ও মোর্শেদুর রহমান উপস্থিত ছিলেন।জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদ নামের আরেকটি প্যানেল এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।সাধারণ শ্রেণীর ১২টি ও সহযোগী শ্রেণীর ছয়টি মিলে মোট ১৮টি পরিচালক পদের বিপরীতে দুই প্যানেল থেকে মোট ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত ১৮ জন পরিচালক আবার আগামী সোমবার নিজেদের মধ্য থেকে চেম্বারের নতুন সভাপতি, একজন জ্যেষ্ঠ সহসভাপতি ও একজন সহসভাপতি নির্বাচিত করবেন।