লালমনিরহাটে আজাদ জুট মিলের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলার সদর উপজেলার মহেন্দ্রনগর গ্রামে ‘আজাদ জুট মিলস লিমিটেড’ নামে একটি পাটকলের যাত্রা শুরু হয়েছে।গতকাল শনিবার পাটকলটির উদ্বোধন করেন লালমনিরহাটে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সাংসদ আবুল হোসেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আজাদ জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা মেজর (অব.) কামরুল হাসান আজাদ, পরিচালক মেহেদী হাসান, লালমনিরহাট চেম্বারের সভাপতি শেখ আবদুল হামিদ বাবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার ইছাহাক আলী প্রমুখ।কামরুল হাসান আজাদ বলেন, লালমনিরহাটের মতো মঙ্গাপ্রবণ ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জেলায় এই পাটকল প্রতিষ্ঠার ফলে তিন হাজার শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থান হবে। এ ক্ষেত্রে বিশেষ করে মুক্তিযোদ্ধার সন্তান এবং মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে।আজাদ জুট মিলস হচ্ছে লালমনিরহাট জেলার একমাত্র পাটকল। উদ্বোধনী দিনেই এতে প্রায় ৩০০ জন শ্রমিক-কর্মচারী কাজ করতে আসেন।উদ্যোক্তারা জানান, ১০ বিঘা জমির ওপর মোট ২৫ কোটি টাকা ব্যয়ে এই পাটকল প্রতিষ্ঠা করা হয়েছে। এ জন্য রাকাব থেকে ১২ কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে। এতে প্রতিদিন ২০ মেট্রিক টন টোয়াইন, ঘানি চটের থলে, সুতলি প্রভৃতি পাটপণ্য উৎপাদিত হবে, যা স্থানীয় বাজারে বিক্রি ও বিদেশে রপ্তানি করা হবে।