লালমনিরহাটে পাট কিনতে শুরু করেছে খালিশপুর পাটকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার খালিশপুর জুট মিলস লিমিটেড লালমনিরহাটে পাট কিনতে শুরু করেছে। এখানে এবার পাট ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার মণ। পাটকলটির লালমনিরহাট জেলা শহরের পুরান বাজারের বড়বাসার ক্রয়কেন্দ্রে কেনা হচ্ছে পাট।
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শেখ আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে গত মঙ্গলবার এ কার্যক্রমের উদ্বোধন করেন। খালিশপুর জুট মিলসের লালমনিরহাট ক্রয়কেন্দ্রের ইনচার্জ মো. মাহফুজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্ষুদ্র পাট ব্যবসায়ী ও পাটচাষি সমিতির নেতা মো. আবদুল আজিজ, পাট ব্যবসায়ী খোরশেদ আহম্মেদ, লালমনিরহাট চেম্বারের নির্বাহী সদস্য মো. সেকেন্দার আলী প্রমুখ বক্তব্য দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের লালমনিরহাট শাখার ব্যবস্থাপক মো. গোলাম ফারুক, ব্যবসায়ী মো. সামছুল হক ও সমাজসেবক আমিনুল হায়াত আহম্মেদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম দিনে গতকাল এ কেন্দ্রে প্রায় ৩০০ মণ পাট কেনা হয়েছে। পাটের দাম নির্ধারণ হচ্ছে মানভেদে। গতকাল এক হাজার ৩০০ থেকে শুরু করে সর্বোচ্চ দেড় হাজার টাকা মণ দরে পাট কিনেছে প্রতিষ্ঠানটি।
এদিকে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের পাটচাষি ও ব্যবসায়ী নিমাই চন্দ্র পাল প্রথম আলোকে বলেন, এবার মণপ্রতি পাট উৎপাদন করতে কৃষকদের খরচ পড়েছে দেড় হাজার থেকে এক হাজার ৬০০ টাকা। সেই হিসাবে পাটচাষিদের লাভ না হয়ে বরং লোকসান হচ্ছে।