লালমনিরহাটে শেষ মুহূর্তে কেনাকাটার ধুম
লালমনিরহাটে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা। এখানকার বিপণিবিতানগুলোতে নানা বয়সী ক্রেতার ভিড় চোখে পড়ার মতো। পরিবারের সদস্যদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাজারে বাজারে ঘুরে কেনাকাটা করার চিত্রও দেখা যাচ্ছে।শহরের একাধিক বিপণিবিতান ঘুরে দেখা গেছে, দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে ক্রেতার সমাগম ঘটতে থাকে। সন্ধ্যার পর নামে ক্রেতার ঢল। বিপণিবিতানের পাশাপাশি মোগলহাট, বিডিআরহাট রেলগেট, রেলস্টেশন ও বাসস্ট্যান্ড এলাকার ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতেও ভিড় বেশ। এসব দোকানে পোশাকের দাম অবশ্য অনেক কম। তাই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত লোকেরাও এখান থেকে টুকটাক কেনাকাটা সারছেন। শাহান শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী রাশেদুল ইসলাম বলেন, ছেলেদের আওয়ারা, ক্রেপ, এলকো ব্র্যান্ড, থাই ব্র্যান্ড ও খামছি ব্র্যান্ডের ফুলপ্যান্ট বেশি চলছে; আড়ংয়ের শর্ট পাঞ্জাবিও বেশ বিক্রি হচ্ছে।পুরান বাজারের রূপসী বাংলা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী আবদুর রশিদ চৌধুরী জানান, বিভিন্ন ধরনের থ্রি-পিস ৩৫০ থেকে দুই হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। হাতের কাজ করা সুতি থ্রি-পিসের চাহিদা বেশি।আদর্শপাড়ার গৃহিণী মাজেদা বেগম বলেন, ‘এবার পোশাকের দাম কিছুটা বেশি। তিন ছেলের প্যান্ট ও গেঞ্জি কিনতেই চার হাজার টাকা খরচ হয়েছে। গত বছর তিন হাজার টাকায় কেনা হয়ে গিয়েছিল।’লালমনিরহাট জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, গভীর রাত পর্যন্ত কেনাকাটা করতে নারী ও শিশুদের যেন কোনো অসুবিধা না হয়, সে জন্য পুলিশের টহল জোরদার করা হয়েছে।