লিংকডইনের ভবিষ্যৎ কোন পথে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে বহুজাতিক মার্কিন কোম্পানি মাইক্রোসফটের সফলতার কথা সবারই জানা। কম্পিউটার সফটওয়্যার ব্যবসায় সফল হলেও একটি ক্ষেত্রে প্রতিষ্ঠানটির সাফল্য বলতে গেলে শূন্য। ব্যর্থতার সেই জায়গাটি হলো বিভিন্ন কোম্পানির অধিগ্রহণ। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি ছোট-বড় যত কোম্পানি অধিগ্রহণের মাধ্যমে কিনে নিয়েছে, কোনোটি থেকেই বলার মতো সাফল্য আসেনি।
মাইক্রোসফটের অধিগ্রহণ নিয়ে এত কথার কারণ, সম্প্রতি প্রতিষ্ঠানটি পেশাজীবীদের বৃহত্তম সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনকে ২ হাজার ৬২০ কোটি ডলারের বিনিময়ে কিনে নিয়েছে। এটি মাইক্রোসফটের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় অধিগ্রহণ। বিশাল অঙ্কের এই অর্থ খরচ করে লিংকডইনকে কেনার ফলাফল প্রতিষ্ঠানটির জন্য কেমন হবে, সেটি নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তবে ইতিহাস বলছে, এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি বড় বড় যেসব অধিগ্রহণ করেছে, সেগুলো খরচের খাতায় জায়গা করে নিয়েছে।
লিংকডইনের আগ পর্যন্ত স্কাইপকে কিনে নেওয়া ছিল মাইক্রোসফটের সবচেয়ে বড় অধিগ্রহণ। ২০১১ সালে ভিডিও কল ও চ্যাট করার জন্য জনপ্রিয় এই অ্যাপ্লিকেশনটি কিনতে প্রতিষ্ঠানটির খরচ হয়েছিল ৮৫০ কোটি ডলার। মাইক্রোসফটের এই অধিগ্রহণের উদ্দেশ্য ছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী করা। তবে মাইক্রোসফটের অধীনে আসার পর স্কাইপের ব্যবসা উল্টো দিকে চলতে শুরু করে। ফেসবুক ম্যাসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপের মতো কয়েকটি অ্যাপের চাপে এখন আর আগের শক্তিশালী অবস্থানে নেই স্কাইপ।
স্কাইপকে কেনার ফলাফল তুলে ধরে চার্লস আর্থার নামের এক বাজার গবেষক বলেন, স্কাইপকে যখন মাইক্রোসফট কিনে নেয় তখনই মনে হয়েছিল যে বাজি তারা ধরেছে, সেটিতে জেতার সম্ভাবনা শূন্য। এত দিন পরে আমার সেই আশঙ্কাই সত্যি হয়েছে। স্কাইপকে কেনার ফলাফল হলো, মাইক্রোসফটের ব্যাংক হিসাব থেকে স্রেফ ৮৫০ কোটি ডলার কমে গেছে।
টাকার অঙ্কে তৃতীয় হলেও এখন পর্যন্ত মাইক্রোসফটের যে অধিগ্রহণ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, সেটি হলো নকিয়ার মুঠোফোন উৎপাদন ইউনিট কিনে নেওয়া। মুঠোফোনের বাজারে একসময় শীর্ষ স্থানে থাকা নকিয়াকে ২০১৩ সালে কিনতে মাইক্রোসফট খরচ করেছিল ৭৬০ কোটি ডলার। এই অধিগ্রহণের উদ্দেশ্য ছিল, ফোনের বাজারে নকিয়ার হারানো ভাবমূর্তি উদ্ধারের পাশাপাশি এ ব্যবসায় মাইক্রোসফটের অবস্থান শক্তিশালী করা।
তবে দুটি উদ্দেশ্যের কোনোটিই সফল হয়নি। নকিয়া ব্র্যান্ড ব্যবহার না করে নিজস্ব ব্র্যান্ড ও অপারেটিং ব্যবস্থাপনায় মুঠোফোন বাজারজাত করার ফলাফল হয় উল্টো। অধিগ্রহণের আগে নকিয়ার বাজারে যে অবস্থান ছিল, সেটি গত তিন বছরে আরও কমে গেছে। ক্ষতি পুষিয়ে উঠতে কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি সম্প্রতি ৩৫ কোটি ডলারে নকিয়ার ফিচার ফোন ইউনিট বিক্রি করে দিয়েছে মাইক্রোসফট। নকিয়াকে কেনার সিদ্ধান্ত যে খুব বড় ভুল ছিল, সেটি স্বীকার করে এর পেছনে যে অর্থ মাইক্রোসফট খরচ করেছে সেটিকে তারা তাদের ব্যালেন্স শিট থেকে অবলোপন করে রেখেছে। অর্থাৎ পুরো টাকাটাই যে জলে গেছে, সেটিই এর মাধ্যমে স্বীকার করে নিয়েছে প্রতিষ্ঠানটি। নকিয়াকে অধিগ্রহণের সিদ্ধান্তটিকে মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বলমারের কর্মজীবনের অন্যতম বড় ভুল মনে করা হয়।
মাইক্রোসফটের অধিগ্রহণ ব্যর্থতার আরেকটি বড় উদাহরণ হলো একোয়ান্টিভ। গুগলের অনলাইন বিজ্ঞাপন ব্যবসায় ভাগ বসানোর লক্ষ্যে ২০০৭ সালে ৬৩০ কোটি ডলার দিয়ে মাইক্রোসফট কিনে নেয় একোয়ান্টিভকে। তবে কেনার পর থেকেই অবস্থা খারাপ হতে শুরু করে প্রতিষ্ঠানটির। অবশেষে পাঁচ বছর পর ২০১২ সালে এই প্রতিষ্ঠানটিও মাইক্রোসফটের খরচের খাতায় চলে যায়। একোয়ান্টিভের অবলোপন মূল্য ছিল ৬২০ কোটি ডলার।
ব্যর্থতার ইতিহাস এখানেই শেষ নয়। ২০১৪ সালে সুইডেনের ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান মোজ্যাং কিনতে মাইক্রোসফট খরচ করে ২৫০ কোটি ডলার। এ ছাড়া ভিসিও কর্প, নাভিসনের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানকে কিনতে মাইক্রোসফট ১০০ কোটি ডলারের বেশি খরচ করলেও সেগুলো থেকে তেমন সাফল্য আসেনি।
২০১৪ সালে স্টিভ বলমারের কাছ থেকে প্রধান নির্বাহীর দায়িত্ব বুঝে নেওয়ার পর সত্য নাদেলার অধীনে মাইক্রোসফটের সবচেয়ে বড় অধিগ্রহণ হলো লিংকডইন। গুগল ও ফেসবুকের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে কেনা হলেও গত কয়েক বছর ধরে লিংকডইনেরই অবস্থা ভালো যাচ্ছে না। বর্তমানে ৪০ কোটির মতো ব্যবহারকারী থাকলেও প্রতি মাসে লিংকডইনের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা মাত্র ২৫ শতাংশ। ফেসবুক ও টুইটার আসার আগেই ২০০২ সালে লিংকডইন যাত্রা শুরু করে। মাইক্রোসফটকে বদলে দিতে লিংকডইনকে কেনার কথা বলা হলেও এ উদ্যোগ কতটা সফল হবে, সেটি নিয়ে বাজার বিশ্লেষকেরা খুব বেশি আশাবাদী হতে পারছেন না।
ব্লুমবার্গ, গার্ডিয়ান, ইকোনমিক টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে