বাংলাদেশ ব্যাংকের লিফট কিনতে সুইজারল্যান্ড যাচ্ছেন চার কর্মকর্তা। তাঁদের যাতায়াত ব্যয় বহন করবে লিফট সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেড। চারজনের মধ্যে দুজনেরই লিফট সম্পর্কে কোনা কারিগরি জ্ঞান নেই। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এক দাপ্তরিক আদেশে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।
জানা গেছে, সুইজারল্যান্ডের সিন্ডলার এলিভেটেড লিমিটেড থেকে পাঁচজন ধারণক্ষমতার ১৬০০ কেজি লিফট ও দুজন ধারণক্ষমতার ২০০০ কেজি সার্ভিস লিফট কিনছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের মেসার্স ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেড ওই কোম্পানির পক্ষে এ লিফট সরবরাহ করবে। প্রতিটি লিফটের দাম পড়বে এক কোটি টাকার কিছু বেশি। এ ছাড়া রয়েছে লিফট স্থাপন করার খরচ।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এক দাপ্তরিক আদেশে বলা হয়, লিফট উৎপাদন পরিদর্শনের জন্য চার কর্মকর্তা ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর সুইজারল্যান্ড সফরে থাকবেন। এ সময় তাঁদের ব্যয় বহন করবে ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স। কর্মকর্তারা হলেন নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত, মহাব্যবস্থাপক এ কে এম ফজলুর রহমান, যুগ্ম পরিচালক মোতালেব মাতব্বর ও সহকারী পরিচালক সেলিম মাহমুদ।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, কারিগরি জ্ঞান নেই, এমন কর্মকর্তারা লিফট উৎপাদন পরিদর্শন করে কী করবেন? আবার সরবরাহকারী প্রতিষ্ঠান ব্যয় বহন করায় এর স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠবে।
তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা প্রথম আলোকে বলেন, কেনাকাটা বিধিমালায় এমন পরিদর্শনের কথা বলা হয়েছে। তবে কারিগরি জ্ঞান আছে এমন কেউ পরিদর্শন করলে ভালো হয়। নিশ্চয়ই দায়িত্ব পালন করতে গিয়ে সবার কারিগরি অভিজ্ঞতা হয়ে যায়।
সিন্ডলার এলিভেটেডের একমাত্র এজেন্ট মেসার্স ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এ প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, কেন্দ্রীয়
ব্যাংকের প্রায় সব লিফট সরবরাহ করবে তারা। এসব লিফট আসবে মূলত সুইজারল্যান্ডের সিন্ডলার এলিভেটেড থেকে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের ‘আনন্দ ভ্রমণের’ ব্যবস্থা করেছে সিন্ডলার। তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।