লিবার্টি ফ্যাশনস থেকে আর পোশাক কিনবে না টেসকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুঁকিপূর্ণ ভবনের অজুহাত দেখিয়ে বাংলাদেশের লিবার্টি ফ্যাশনস নামের একটি কারখানা থেকে পোশাক না কেনার ঘোষণা দিয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান টেসকো।গত এপ্রিলে রানা প্লাজা ধসে এক হাজার ১৩০ জন পোশাকশ্রমিকের মৃত্যুর পর এক জরিপের তথ্যানুযায়ী ব্রিটিশভিত্তিক বিক্রেতা প্রতিষ্ঠান টেসকো এই সিদ্ধান্ত নিয়েছে। ১২ মাসে বিভিন্ন কারণে বাংলাদেশের ১৫ কারখানা থেকে পোশাক কেনা বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স গতকাল শনিবার এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে এ বিষয়ে টেসকোর একটি বিবৃতির কথাও বলা হয়েছে। বিবৃতিতে টেসকো বলেছে, ‘বাংলাদেশের যেসব কারখানা থেকে আমরা পোশাক কিনি, সে রকম একটি অঞ্চলের ভবনসহ অবকাঠামোগত জরিপ করেছি। তাতে লিবার্টি ফ্যাশনস নামের একটি কারখানা ভবনে নিরাপত্তা নিয়ে বড় ধরনের সমস্যা পেয়েছি।’ ‘লিবার্টি কারখানা ভবনের নিরাপত্তা এতটাই ঝুঁকিপূর্ণ যে আমরা সেখান থেকে পোশাক কেনা বন্ধ করে দিয়েছে’—বিবৃতিতে এমন কথাই বলেছে টেসকো। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বলেছে, পোশাকশ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা তাদের সব উৎস কারখানার জরিপ করবে। টেসকো ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অন্য কারখানা মালিক এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতিকে (বিজিএমইএ) ওই জরিপের ফলাফল ও কারখানাটি থেকে পোশাক না কেনার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে লিবার্টি ফ্যাশনসের স্বত্বাধিকারী মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘টেসকো সম্পূর্ণ অনৈতিকভাবে বিশেষজ্ঞ প্রকৌশলীদের দ্বারা পরীক্ষা-নিরীক্ষা না করেই এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমাদের কারখানা ভবনটি নতুন ও সম্পূর্ণ নিরাপদ।’ তিনি দাবি করেন যে বিজিএমইএর প্রকৌশলী দিয়ে ইতিমধ্যে ভবনটি পরীক্ষা করানো হয়েছে এবং তাঁরা ভবনটিকে ঝুঁকিমুক্ত হিসেবেই জানিয়েছেন। মোজাম্মেল হক আরও জানান, লিবার্টি ফ্যাশনস ১২ বছর ধরে টেসকোর সঙ্গে কাজ করছে। বর্তমানে টেসকোর প্রায় তিন কোটি ডলারের কার্যাদেশের বিপরীতে পোশাক তৈরি করছে লিবার্টি। কারখানাটিতে প্রায় পাঁচ হাজার পোশাকশ্রমিক কাজ করেন। বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘আগামীকাল (আজ) বুয়েটের প্রকৌশলীরা ভবনটি পরীক্ষা করবেন। ঝুঁকিমুক্ত হলে আমরা সমিতির পক্ষ থেকে টেসকোকে এই ধরনের নেতিবাচক সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য ব্যবস্থা নিতে বলব।’