লিবিয়ায় অচলাবস্থার প্রভাব পড়েছে এশিয়ার পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় অচলাবস্থা ও মধ্যপ্রাচ্যে তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে এশিয়ার পুঁজিবাজারে। লিবিয়ায় গত সপ্তাহ থেকে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে তেলের দাম গত আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনে এ তথ্য প্রকাশ করা হয়।বিশ্লেষকেরা বলছেন আমরা খুবই উদ্বিগ্ন, তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ায় বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে পড়ছে এবং করপোরেট মুনাফা বৃদ্ধি পাচ্ছে।জাপানে নিক্কেই ইনডেক্স, হংকংয়ের হ্যাংসেং এবং দক্ষিণ কোরিয়ার কসপি পুঁজিবাজারে সব ধরনের লেনদেন প্রায় দুই শতাংশ কমে গেছে।নিউজিল্যান্ডের ভূমিকম্পও পুঁজিবাজারে কিছুটা প্রভাব ফেলেছে। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় দেশটির পুঁজিবাজার এনজেডএক্স ৫০ স্টক ইনডেক্সে লেনদেন প্রায় দশমিক সাত শতাংশ কমে গেছে।বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০৮ দশমিক এক ডলার বা দুই দশমিক সাত শতাংশ বেড়ে যায়। যদিও পরে তা ব্যারেল প্রতি ১০৭ দশমিক ১৬ ডলারে নেমে আসে।বারক্লেস ক্যাপিটালের প্রতিনিধি ইনসাই ইয়ু বলেন, লিবিয়ায় সংঘর্ষের খবরে পুঁজিবাজার বেশ খানিকটা দুর্বল হয়ে পড়েছে। এর ফলে দাম বেড়ে যাচ্ছে। তিনি আরও বলেন, এর ফলে এ অঞ্চলে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, যা দ্রুত সমাধান হবে না।জ্বালানির ওপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলো যেমন এয়ারলাইনস বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। এয়ারলাইনসে জ্বালানির জন্য প্রায় ৪০ শতাংশ খরচ হয়। ফলে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন, কারণ তেলের দাম বৃদ্ধির ফলে তাদের মুনাফা কমে যেতে পারে।এরই মধ্যে পুঁজিবাজারে সিঙ্গাপুর এয়ারলাইনসের লেনদেন কমেছে এক দশমিক সাত শতাংশ, কোরিয়া এয়ারলাইনস নয় শতাংশ এবং ক্যাথি প্যাসিফিক এয়ারওয়েজ চার দশমিক পাঁচ শতাংশ।