জার্মানিভিত্তিক লুফথানসা কার্গো এশিয়ায় তাদের যোগাযোগ সম্প্রসারণ করেছে এবং তাদের প্রথম ফ্লাইটটি শুরু হবে আজ বুধবার বাংলাদেশে আসার মধ্য দিয়ে। এটি ফ্রাঙ্কফুর্ট থেকে ঢাকায় আসবে।লুফথানসার এমডি-১১ মালবাহী বিমানের ফ্লাইটটি প্রতি বুধবার ফ্রাঙ্কফুর্ট ছাড়বে একটা ৪০ মিনিটে এবং মুম্বাইয়ে যাত্রাবিরতির পর ঢাকায় অবতরণ করবে ১৯টা ১০ মিনিটে। ফিরতি ফ্লাইটটি ঢাকা ছেড়ে যাবে ১০টা ১৫ মিনিটে এবং দিল্লিতে যাত্রাবিরতি শেষে ফ্রাঙ্কফুর্টে পৌঁছাবে বৃহস্পতিবার ছয়টায়।দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে লুফথানসা কার্গোর আঞ্চলিক পরিচালক কারস্টেন হারনিগ বলেন, ‘আন্তর্জাতিক ফ্যাশনশিল্পে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঢাকা থেকে ও ঢাকাগামী সরাসরি ফ্লাইটসমূহ পরিবহন সময়কে স্বল্পায়িত এবং গ্রাহকদের লুফথানসার আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করবে।’ লুফথানসা কার্গো ২০১০ অর্থবছরে প্রায় ১৮ লাখ টন মালামাল ও ডাক বহন করে। বিশ্বব্যাপী এই সংস্থা সাড়ে চার হাজার মানুষের কর্মসংস্থান করেছে। এটি বিশ্বের ১০০টি দেশে ৩০০টি গন্তব্যে নিজস্ব কার্গো পরিবহন দ্বারা পরিচালিত হচ্ছে। বিজ্ঞপ্তি।