লেনদেন আবার ২০০ কোটি টাকা ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের নিষ্ক্রিয় ঋণ হিসাব সচল করতে বিধি শিথিল করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির এমন সিদ্ধান্তের পরদিন গতকাল বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে তার ইতিবাচক প্রভাব দেখা গেছে। এর ফলে এক মাসের ব্যবধানে ঢাকার বাজারে লেনদেন আবারও ২০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।ডিএসইর আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার ঋণবিধি শিথিলের সিদ্ধান্ত নেয় বিএসইসি। ডিএসই ও বিএসইসির সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছিলেন, এই সিদ্ধান্তের ফলে নিষ্ক্রিয় অনেক ঋণ হিসাব সচল হবে, যা বাজারের লেনদেন বাড়াতে সহায়তা করবে। বিশ্লেষকেরা অবশ্য বলছেন, বিএসইসির এই সিদ্ধান্তে নিষ্ক্রিয় কিছু হিসাব সচল হলেও এর মাধ্যমে বাজারে নতুন করে কোনো অর্থ আসবে না। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল প্রথম আলোকে বলেন, নিষ্ক্রিয় ঋণ হিসাবকে সচল করতে বিএসইসি যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে লেনদেন হয়তো খানিকটা বাড়বে। কারণ, এতে অনেক বিনিয়োগকারী নিজেদের পত্রকোষ বা পোর্টফোলিও পুনর্গঠনের সুযোগ পাবেন। ফলে বাজারে যেসব ভালো কোম্পানির শেয়ার রয়েছে, ভবিষ্যতে যেগুলোর দরবৃদ্ধির সম্ভাবনা রয়েছে, সেসব শেয়ারের চাহিদা হয়তো বাড়তে পারে। আবার কিছু শেয়ারের বিক্রির চাপও বাড়বে। ফলে এ সিদ্ধান্ত শেষ পর্যন্ত বাজারে কী ধরনের প্রভাব ফেলে, তা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।মোহাম্মদ হেলাল আরও বলেন, ‘বর্তমান মন্দাবাজারকে জীবন্ত করতে হলে যে পরিমাণ লেনদেনের প্রয়োজন হবে, তা নিষ্ক্রিয় ঋণ হিসাবে সচল করে সম্ভব নয়। এ জন্য বাজারে নতুন বিনিয়োগ আসতে হবে। বর্তমান বাজারকে জীবন্ত রূপে ফেরাতে হলে লেনদেন ছাড়াতে হবে হাজার কোটি টাকা। হঠাৎ করেই লেনদেন হাজার কোটি টাকা ছাড়াবে না। সময় লাগবে এবং টেকসই হতে হবে। আর তখনই বাজারে প্রাণ ফিরবে বলে মনে হয়।’এদিকে ঢাকার বাজারে গতকাল বস্ত্র খাতের বেশির ভাগ কোম্পানির দরপতন ঘটেছে। আগের দুই দিনে এ খাতের কোম্পানিগুলোর প্রতিটির গড়ে প্রায় ৯ শতাংশ দর বেড়েছিল। তাই বুধবার এ খাতের কোম্পানিগুলোর দরপতনকে সংশ্লিষ্ট ব্যক্তিরা মূল্য সংশোধন বলে অভিহিত করেছেন। এদিন ডিএসইতে বস্ত্র খাতের ২৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়, যার মধ্যে ১৭টিরই দাম কমেছে। দরপতন ঘটলেও খাতভিত্তিক লেনদেনে শীর্ষে ছিল এটি। দিনশেষে সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪০ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৯ শতাংশ। মঙ্গলবার এ খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩০ কোটি টাকা। এদিন ঢাকার বাজারে দিনশেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২১০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২৩ কোটি টাকা বেশি। এর আগে সর্বশেষ গত ৬ মার্চ ডিএসইতে ২০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল।