লেনদেন আবার ২০০ কোটি টাকা ছাড়াল
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে গতকাল বৃহস্পতিবার শীর্ষে উঠে এসেছে বস্ত্র খাত। এর ফলে আগের দিনের লেনদেনে শীর্ষ অবস্থানটি হারিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকার বাজারে বস্ত্র খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৩ কোটি টাকা, যা বাজারের মোট লেনদেনের প্রায় সাড়ে ১৬ শতাংশ। আর গত বুধবার লেনদেনের শীর্ষে থাকা বিদ্যুৎ ও জ্বালানি খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ২৪ কোটি টাকা।এদিকে ঢাকার বাজারে গতকাল সূচকের বড় ধরনের কোনো পরিবর্তন না হলেও লেনদেনের পরিমাণ আবারও ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। এদিন লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচকে যুক্ত হয়েছে প্রায় ৬ পয়েন্ট। আর নতুন সূচক ডিএসইএক্স হারিয়েছে এক পয়েন্ট।নতুন গ্যাস সংযোগে আইনি বাধা দূর হওয়ার খবরে বুধবার তিতাসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যায়। ফলে কোম্পানিটির শেয়ারের প্রায় তিন শতাংশ মূল্য বৃদ্ধি পায়। এই ধারা গতকালও অব্যাহত ছিল। এদিন তিতাসের প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৩ দশমিক ২৯ শতাংশ বা দুই টাকা ৩০ পয়সা। এতে ডিএসইর সাধারণ সূচক বেড়েছে প্রায় শূন্য দশমিক ১৩ শতাংশ। গত দুই দিনে কোম্পানিটির শেয়ারের ৬ শতাংশের বেশি দাম বেড়েছে।গত মঙ্গলবার নতুন গ্যাস সংযোগসংক্রান্ত উচ্চ আদালত একটি আদেশ দেন।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই ধরনের খবরে তালিকাভুক্ত সংশ্লিষ্ট খাতের কোম্পানির শেয়ারের দাম প্রভাবিত হবে এটাই স্বাভাবিক। গতকাল ডিএসইতে তিতাস গ্যাসের প্রায় ১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা বাজারের মোট লেনদেনের ৫ দশমিক ৩২ শতাংশ। লেনদেনে তিতাস গ্যাস শীর্ষে থাকলেও মূল্য বৃদ্ধিতে শীর্ষে ছিল নতুন তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসর। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১ টাকা ৫০ পয়সায়।ঢাকার বাজারে সাধারণ মূল্যসূচক দিনের শেষে বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৭০৭ পয়েন্টে। আর ডিএসইএক্স কমে নেমে এসেছে তিন হাজার ৫৭১ পয়েন্টে। লেনদেনের শুরু থেকে দুই সূচকে বেশ উত্থান-পতন ছিল। এদিন ডিএসইতে ২৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। মোট লেনদেন হয় ২০৩ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে প্রায় ৩৩ কোটি টাকা বেশি। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ১০১ পয়েন্টে। এদিন সিএসইতে ১৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এদিন মোট লেনদেনের পরিমাণ তাঁড়ায় ২৪ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে দুই কোটি টাকা বেশি।