দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কয়েক মাসের ব্যবধানে লেনদেন আবারও সাড়ে ৩০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার দিন শেষে ডিএসইতে প্রায় ৩৬৯ কোটি টাকার লেনদেন হয়। এর আগে সর্বশেষ গত ২১ মে ডিএসইতে ৪৭৭ কোটি টাকার লেনদেন হয়েছিল। এর পর মাঝে দুই দিন লেনদেন ৩০০ কোটি টাকা ছাড়ালেও সাড়ে ৩০০ কোটি টাকার ঘর অতিক্রম করতে পারেনি। ঢাকার পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সিএসইতে গতকাল দিন শেষে লেনদেন ছাড়িয়েছে ৪০ কোটি টাকা। ফলে দুই বাজার মিলিয়ে লেনদেন আবার ৪০০ কোটি টাকা ছাড়াল।লেনদেনের পাশাপাশি দুই স্টক এক্সচেঞ্জেও মূল্যসূচক বেড়েছে। দিন শেষে গতকাল ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১৪২ পয়েন্টে। এদিকে গতকালই ছিল সপ্তাহের শেষ লেনদেন। আজ বৃহস্পতিবার জন্মাষ্টমীর সরকারি ছুটি থাকায় শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে।গতকাল ঢাকার বাজারে ২৭০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২০৪টির দাম বেড়েছে, কমেছে ৪৮টির আর অপরিবর্তিত ছিল ১৮টির দাম। এদিন লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৪২ শতাংশ বেড়েছে। চট্টগ্রামের বাজারে গতকাল ১৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১২৫টিরই দাম বেড়েছে, কমেছে ৫০টির আর অপরিবর্তিত ছিল ১৪টির দাম। এদিন সিএসইতে প্রায় ৪৪ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ১৬ কোটি টাকা বেশি। দিনশেষে সিএসইর সার্বিক সূচক বেড়ে দাঁড়ায় ১২ হাজার ৫৬৭ পয়েন্টে। এসইসির সভা: সার্ভার সমস্যার বিষয়টি যথাসময়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) অবহিত না করায় এবং সার্ভারের দুর্বল ব্যবস্থাপনার দায়ে সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) সতর্ক করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এসইসির গত মঙ্গলবারের পর্ষদ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সভায় তালিকাভুক্ত কোম্পানি আরএন স্পিনিংয়ের রাইট শেয়ার-জটিলতার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়। পাশাপাশি আরগন ডেনিমসের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর চাঁদা গ্রহণের তারিখ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়। অপরদিকে আরএন স্পিনিংয়ের রাইট শেয়ার-জটিলতা বিষয়টি অনুসন্ধানে এবার চার সদস্যের তদন্ত কমিটি করেছে ডিএসই। গতকাল ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ডিএসইর পরিচালক মোহাম্মদ আবুল হাসেমকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন: সংস্থাটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওয়াকার উজ জামান, পরিচালক মিনহাজ মান্নান ইমন এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি ও ডিএসইর পরিচালক সাইফুল ইসলাম। এর আগে এসইসি বিষয়টি খতিয়ে দেখতে আলাদা একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কমিশন রাইট শেয়ার-জটিলতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।