লেনদেন ঊর্ধ্বমুখী মূল্যসূচকে পতন
বাংলা নতুন বছরের প্রথম কার্যদিবসে শেয়ারবাজারের ঊর্ধ্বগতি গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনে দরপতনে মোড় নিল। ফলে বছরের শুভ সূচনায় যাঁরা আশাবাদী ছিলেন, দ্বিতীয় দিনে এসে তাঁদের হতাশ হতে হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন সাধারণ সূচক কমেছে প্রায় পৌনে ২ শতাংশ বা ৬৫ পয়েন্ট। লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ৯০ শতাংশের দরপতন ঘটেছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় দেড় শতাংশ বা ১৭৩ পয়েন্ট। সেখানকার বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে প্রায় ৮৬ শতাংশের দরপতন ঘটেছে। তবে দুই বাজারেই লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে।ঢাকার বাজারে লেনদেনের বড় অংশজুড়েই ছিল নতুন তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক। গতকাল থেকে শেয়ারবাজারে কোম্পানিটির লেনদেন শুরু হয়। এদিন ডিএসইতে কোম্পানিটির প্রায় সাড়ে ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এই বাজারের মোট লেনদেনের প্রায় ১৫ শতাংশ। জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, বর্তমানে বাজারে যে অবস্থা চলছে তাতে দেখা যাচ্ছে, একদিনে শেয়ারের দাম কয়েক শতাংশ বাড়লেই বিক্রির চাপ তৈরি হচ্ছে। মন্দাবাজারে যাঁরা বিনিয়োগে সক্রিয় রয়েছেন, তাঁদের মধ্যে শেয়ার ধরে রাখার চেয়ে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে। এর ফলে বাজারের ঊর্ধ্বগতি খুব বেশি স্থায়ী হতে পারছে না।মোহাম্মদ মনিরুজ্জামান আরও বলেন, শেয়ারবাজারে এ মুহূর্তে বিনিয়োগের মতো আর্থিক সামর্থ্য যাঁদের রয়েছে, তাঁদের মধ্যে এখন একধরনের আস্থার সংকট বিরাজ করছে। দেশের রাজনৈতিক ও ব্যবসা-বাণিজ্যের সামগ্রিক পরিস্থিতির কারণেই এই সংকট। কারণ, দেশের ব্যবসা-বাণিজ্য ও রাজনীতির পরিস্থিতি সম্পর্কে তাঁরা আগাম কোনো ধারণা বা ইতিবাচক দিক দেখতে পাচ্ছেন না।এসব মিলিয়ে শেয়ারবাজারে অনিশ্চিত এক পরিবেশ বিরাজ করছে বলে জানান মার্চেন্ট ব্যাংকের এই শীর্ষস্থানীয় কর্মকর্তা। মূল্যসূচকের পতন দিয়ে গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। দিনের শেষেও তা অব্যাহত থাকে। ডিএসইর সাধারণ সূচক এদিন কমে দাঁড়িয়েছে তিন হাজার ৬৯৯ পয়েন্টে। নতুন সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে তিন হাজার ৫৭১ পয়েন্টে। কসমোপলিটন ফিন্যান্সের তথ্য অনুযায়ী, বেঙ্গল উইন্ডসরের কারণে এদিন খাতভিত্তিক লেনদেনে শীর্ষে ছিল প্রকৌশল খাত। এ খাতের ২৪টি কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪০ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৮ শতাংশ। এর পরের অবস্থানে ছিল বস্ত্র খাত। এ খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৯ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১৩ শতাংশ।ঢাকার বাজারে গতকাল ২৭০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৪৩টিরই দাম কমেছে, বেড়েছে ২১টির, আর অপরিবর্তিত ছিল ছয়টির দাম। দিনের শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২২০ কোটি টাকা, যার পরিমাণ আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা বেশি।চট্টগ্রামের বাজারের সার্বিক সূচক কমে নেমে এসেছে ১১ হাজার ১৫১ পয়েন্টে। এদিন সিএসইতে ১৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫৪টিরই দাম কমেছে, বেড়েছে ২৪টির, আর অপরিবর্তিত ছিল দুটির দাম। দিনের শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা বেশি।