লেনদেন এক হাজার কোটি টাকা ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারের লেনদেন গতকাল বৃহস্পতিবার এক হাজার ১৭০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। চলতি বছরের মধ্যে দুই স্টক এক্সচেঞ্জে সম্মিলিতভাবে এটিই এক দিনে সর্বোচ্চ লেনদেন। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল এককভাবে এক হাজার ৭৯ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এটিও গত সাড়ে আট মাসের ব্যবধানে ডিএসইতে এক দিনে সর্বোচ্চ লেনদেন।অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ৯০ কোটি টাকা। তবে সিএসইতে এর আগে ২ এপ্রিল প্রায় ৯২ কোটি টাকার লেনদেন হয়েছিল।লেনদেনের পাশাপাশি দুই বাজারেই মূল্যসূচক গতকাল বেশ বেড়েছে। ঢাকার বাজারের সাধারণ মূল্যসূচক দিন শেষে প্রায় ২ দশমিক ২৪ শতাংশ বা ১১৭ পয়েন্ট বেড়েছে। এর ফলে ডিএসইর সাধারণ সূচক চলতি বছরের ৮ জানুয়ারির পর গতকাল সর্বোচ্চ অবস্থানে উঠেছে। একইভাবে সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছে প্রায় ২ দশমিক ২৯ শতাংশ বা ৩৫০ পয়েন্ট।বাজার-পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্কুল বিভাগের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘বাজারে এখন তেজি ভাব বিরাজ করছে। এ অবস্থায় বাজারে বিক্রেতার চেয়ে ক্রেতা বেশি। অবস্থা দেখে মনে হচ্ছে, এই তেজি ভাব আরও কিছু দিন অব্যাহত থাকবে। তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণের বিষয়ে উচ্চ আদালতে রিট আবেদন দাখিলের পর সাধারণ ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের মধ্যে সাময়িকভাবে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা পুরোপুরি কেটে গেছে বলেই মনে হচ্ছে।’মূসা আরও বলেন, বাজারের তেজি ভাবের সুযোগে কম বা ছোট মূলধনের কোম্পানিগুলোর শেয়ারের দামই বেশি বাড়ছে। কারণ, বাজার বাড়তে থাকলে বিনিয়োগকারীদের মধ্যেও দ্রুত লাভ করার প্রবণতা বাড়তে থাকে। এ কারণে নানাজনের মুখ থেকে শুনে তাঁরা কম মূলধনের কোম্পানিতে বিনিয়োগে অতিমাত্রায় ঝুঁকে পড়েন। গত কিছু দিনে ছোট মূলধনের অনেক কোম্পানির শেয়ারের দাম ভালোই বেড়েছে। তাই এখন এসব কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের সময় এসেছে।সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল ঢাকার বাজারে প্রায় এক হাজার ৭৯ কোটি টাকার লেনদেন হয়। চলতি বছরের মধ্যে এটি সর্বোচ্চ। এর আগে সর্বশেষ গত বছরের ৩১ জুলাই ডিএসইতে এক হাজার ৩৪১ কোটি টাকার লেনদেন হয়েছিল।সিএসইতে গতকাল প্রায় ৯১ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ১৭ কোটি টাকা বেশি। গতকাল চট্টগ্রামের সার্বিক মূল্যসূচক বেড়ে হয়েছে ১৫ হাজার ৬৩৫ পয়েন্ট।