দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে লেনদেনের পরিমাণ এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে এবং বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি সূচকও বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১১৬ পয়েন্ট বেড়ে ৫,৩৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ওঠানামার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতেই সূচক কমে যায় দুই পয়েন্ট। পাঁচ মিনিটে সূচক বেড়ে যায় ২৮ পয়েন্ট। প্রথম আধা ঘণ্টা পর্যন্ত সূচক বাড়ার হার মোটামুটি স্থির ছিল এবং পরে তা বাড়তে থাকে। দুই ঘণ্টা শেষে সূচক বাড়ার হার দাঁড়ায় ৯৯ পয়েন্ট। বিকাল তিনটায় আজ সূচক বাড়ার হার সর্বোচ্চ ১৩৪ পয়েন্ট ছিল।আজ লেনদেন হওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৮২টির দাম, কমেছে ৬৯টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ১,০৭৮ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, তিতাস গ্যাস, যমুনা অয়েল, এমআই সিমেন্ট, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স. সার্ভিসেস, লঙ্কাবাংলা ফিন্যান্স এবং এমজেএল বাংলাদেশ।