লেনদেন এখন শত কোটি টাকার চক্রে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কিছুদিন ধরে শত কোটি টাকার কোঠায় ঘুরপাক খাচ্ছে। চলতি বছরের শুরু থেকে লেনদেনের এই অবস্থা বিরাজ করছে। এর ফলে কখনো কখনো লেনদেন গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসছে। এই ধারাবাহিকতায় গতকাল সোমবার ডিএসইর লেনদেন আবারও পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। এদিন ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১০২ কোটি টাকা। এর আগে সর্বশেষ ২০০৮ সালের ৮ জানুয়ারি ডিএসইতে ৮২ কোটি টাকার সর্বনিম্ন লেনদেন হয়েছিল।যদিও ২০১১ সালের ২০ জানুয়ারি ডিএসইতে সর্বনিম্ন ৬৮ কোটি টাকার লেনদেনের একটি রেকর্ড রয়েছে। মাত্র পাঁচ মিনিটে ওই লেনদেন হয়েছিল। অস্বাভাবিক দরপতনের কারণে ওই দিন পাঁচ মিনিট পরই লেনদেন বন্ধ করে দেওয়া হয়। এ কারণে ওই দিনের লেনদেনকে স্বাভাবিক লেনদেন হিসেবে বিবেচনায় ধরা হয় না। এর আগে ১৫ জানুয়ারি ডিএসইতে ১০৪ কোটি টাকার লেনদেন হয়, সেদিনই তা ছিল পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন। তিন কার্যদিবসের ব্যবধানে লেনদেনের পতনে আবারও রেকর্ড হয়েছে। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ করে বাজারের লেনদেন ১০০ কোটি টাকায় নেমে আসার যৌক্তিক কোনো কারণ নেই। তারল্য ঘাটতির কারণে এটি হচ্ছে বলে আমি মনে করি না। বরং আমার মনে হয়, হাতেগোনা কিছু বিনিয়োগকারী ছাড়া সাধারণ বিনিয়োগকারীদের অধিকাংশই হয়তো মনে করছেন সহসা এই বাজার থেকে লাভের কোনো আশা নেই। তাই তাঁরা বিনিয়োগে এগিয়ে আসছেন না।’ মোহাম্মদ হেলাল আরও বলেন, ‘বিদ্যমান সংযত মুদ্রানীতি সত্ত্বেও ব্যাংকব্যবস্থা থেকে অনেক অর্থ বিনিয়োগে যাচ্ছে। তাই তারল্য ঘাটতি বা সংযত মুদ্রানীতির কারণে বাজারে লেনদেন কমে গেছে এমনটা বলা যাবে না। যদি তা-ই হতো তাহলে সংযত মুদ্রনীতির মধ্যেও এ বাজারে কীভাবে হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল। এখন সেসব অর্থই বা গেল কোথায়?’ গতকাল শুরু থেকেই লেনদেনের গতি ছিল বেশ শ্লথ। প্রথম তিন ঘণ্টায় লেনদেন হয় মাত্র ৬৫ কোটি টাকা। এ কারণে বিনিয়োগকারীসহ বাজারসংশ্লিষ্টদের অনেকে ধারণা করেছিলেন দিনশেষে লেনদেন শত কোটি টাকাও ছাড়াবে না। কিন্তু শেষ ঘণ্টার প্রায় ৩৭ কোটি টাকার লেনদেন সেই ধারণাকে পাল্টে দেয়।লেনদেনের মতো এদিন সূচকেও পতন ঘটে।ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় ২১ পয়েন্ট কমে নেমে এসেছে চার হাজার ১১৬ পয়েন্টে। ডিএসইতে ২৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫৭টিরই দাম কমেছে, বেড়েছে ৬৭টির আর অপরিবর্তিত ছিল ৪১টির দাম। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৫৭৬ পয়েন্টে। সেখানকার বাজারে এদিন ১৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১১৬টিরই দাম কমেছে, বেড়েছে ৩৫টির আর অপরিবর্তিত ছিল ১৮টির দাম। দিনশেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে কয়েক লাখ টাকা বেশি।