লেনদেন ও মূল্যসূচক দুটোই বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গাপূজা ও ঈদুল আজহার ছুটি মিলিয়ে আজ বুধবার থেকে ছয় দিন দেশের শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। ছুটির আগে সর্বশেষ কার্যদিবসে গতকাল মঙ্গলবার উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন ও মূল্যসূচক দুটোই বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক বেড়েছে ৫৯ পয়েন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ১৫৬ পয়েন্ট বা ১ দশমিক ১৩ শতাংশ। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, গত দুই দিন বাজারে শেয়ার বিক্রির চাপ তুলনামূলক কম ছিল। কারণ ছুটির আগে অনেক বিনিয়োগকারী বিক্রির পরিবর্তে শেয়ার কিনেছেন, যার ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ারের দামের ওপর। জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীর মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে, ছুটির পর বাজার ঊর্ধ্বমুখী ধারায় থাকবে। এ জন্য নিষ্ক্রিয় অনেক বিনিয়োগকারী ঈদের আগে শেষ কার্যদিবসে কিছুটা সক্রিয় হয়েছেন, যার প্রতিফলন আমরা লেনদেনে দেখেছি।’মোহাম্মদ এ হাফিজ আরও বলেন, ‘আগামী ডিসেম্বরে অনেক কোম্পানির আর্থিক বছর শেষ হবে। বিশেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের। এর আগে এসব কোম্পানি তাদের শেয়ারের বিপরীতে বিনিয়োগ থেকে যতটা সম্ভব লোকসান কমানোর চেষ্টা করবে, যাতে লোকসানের বিপরীতে প্রভিশনিং বা নিরাপত্তা সঞ্চিতিতে অতিরিক্ত চাপ তৈরি না হয়। এ কারণে ধারণা করা হচ্ছে, ছুটির পর বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ একটু বাড়তে পারে। এসব বিবেচনা থেকেই গতকাল নিষ্ক্রিয় অনেক বিনিয়োগকারী সক্রিয় হয়েছেন বলে আমার মনে হয়।’ মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই মঙ্গলবার ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। দিন শেষেও এ ধারা অব্যাহত ছিল। এই দিন ডিএসইর সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৫৭৫ পয়েন্টে। ডিএসইতে ২৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৯১টির, কমেছে ৬৫টির আর অপরিবর্তিত ছিল ১৮টির দাম। এ দিন ঢাকার বাজারে প্রায় ৩৯৭ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৫৬ কোটি টাকা বেশি। অপরদিকে চট্টগ্রামের বাজারে ১৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৪৮টির আর অপরিবর্তিত ছিল ১৮টির। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৫ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে গতকাল মোট ৪৫ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় তিন কোটি টাকা বেশি।