দেশের শেয়ারবাজারে গতকাল বুধবারও মূল্যসূচক কমেছে। একই সঙ্গে কমে গেছে লেনদেনের পরিমাণও। তবে এই পতন ছিল সামান্যই। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল দিন শেষে ১০ পয়েন্ট কমে গেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ৪০ পয়েন্ট।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমানে বাজারে এক ধরনের স্থিতাবস্থা বিরাজ করছে। তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারি করা নির্দেশনা ও তার বিরুদ্ধে আদালতে দায়ের করা রিটকে ঘিরে এ অবস্থা তৈরি হয়েছে। এসইসির জারি করা নির্দেশনার বিরুদ্ধে উচ্চ আদালতে একাধিক কোম্পানির পরিচালকের দায়ের করা রিটের শুনানি গতকাল শুরু হয়েছে। হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহাম্মদ ও শেখ হাসান আরিফের বেঞ্চে অনুষ্ঠিত শুনানির প্রথম দিনে রিটকারীদের পক্ষে দুজন আইনজীবী তাঁদের বক্তব্য উপস্থাপন করেন। আজ বৃহস্পতিবার সকালে আবারও এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। গতকাল রিটের শুনানি শুরু হয় বেলা দুইটায়। আর শেষ ঘণ্টায় বাজারে সূচকের বেশ উত্থান-পতন দেখা যায়। এদিকে শুনানি চলাকালে গতকাল আদালত চত্বরে অবস্থান নেন একদল বিনিয়োগকারী। শুনানি শেষে তাঁরা আদালতের বারান্দায় বিক্ষোভ করেন। এ সময় বিনিয়োগকারীরা রিটকারীদের পক্ষের আইনজীবীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এ কারণে শুনানি শেষে বেশকিছু সময় রিটকারীদের আইনজীবীরা আদালতকক্ষেই অবস্থান করেন। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিনিয়োগকারীদের শান্ত করেন। একপর্যায়ে বিনিয়োগকারীদের আদালতের বারান্দা থেকে সরিয়ে দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়। রিটকারীদের পক্ষে গতকাল শুনানিতে অংশ নেন সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল ও ব্যারিস্টার এম জহির। আদালতের কাছে তাঁরা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের নির্দেশনা জারির ক্ষেত্রে এসইসি ২সিসি ক্ষমতার অপপ্রয়োগ করেছে বলে উল্লেখ করেন। এমনকি ২সিসি ক্ষমতাবলে এ ধরনের নির্দেশনা দেওয়া যায় না বলেও রিটকারীদের আইনজীবীরা আদালতকে জানান।বাজার পরিসংখ্যান: এদিকে ঢাকার বাজারে গতকাল মূল্যসূচকের পতন ঘটলেও লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারেরই দাম বেড়েছে। দিন শেষে ডিএসইতে ৩৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৮৫ কোটি টাকা কম। বুধবার লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার ১১ পয়েন্টে।চট্টগ্রামের বাজারে গতকাল ১৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এদিন সিএসইতে প্রায় ৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় সাত কোটি টাকা কম। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮০৪ পয়েন্টে।