লেনদেন ও সূচক দুই-ই বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল রোববার লেনদেন ও মূল্যসূচক উভয়ই বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক দিন শেষে প্রায় ৮৩ পয়েন্ট বা ১ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ২৬০ পয়েন্ট বা প্রায় ২ শতাংশ। ডিএসইর নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর গতকাল ছিল প্রথম লেনদেন দিবস। বৃহস্পতিবার সংস্থাটির নির্বাচিত পরিচালকদের ভোটে এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। এতে ডিএসইর সাবেক সভাপতি রকিবুর রহমান নতুন করে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর সঙ্গে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে যুক্ত হয়েছেন আহমেদ রশীদ লালী এবং সহ-সভাপতি হিসেবে আছেন মোহাম্মদ শাহজাহান। ডিএসইর নতুন নেতৃত্বকে ঘিরে বাজারে একধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল, যা পূরণ হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ডিএসইর নেতৃত্বকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল। নেতৃত্ব নির্বাচনে তাদের সেই প্রত্যাশাও পূরণ হয়েছে। এতে বিনিয়োগকারীদের আস্থার জায়গাটা কিছুটা হলে বেড়েছে, যার ইতিবাচক প্রভাব গতকালই বাজারে দেখা গেছে। বিএমবিএর সভাপতি আরও বলেন, এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় হলে এবং বিনিয়োগে এগিয়ে এলে বাজার ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে পাবে। ডিএসইর সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকালের বাজারে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণও কিছুটা বেড়েছে। সাধারণ বিনিয়োগকারীদের মতো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও নতুন করে বাজারের ওপর আস্থাশীল হতে শুরু করেছেন। সূত্র জানায়, ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষে থাকা ব্রোকারেজ হাউসগুলোর বেশির ভাগই গতকাল ক্রেতার ভূমিকায় ছিল। পাশাপাশি ছিল ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরাও। লেনদেনের শুরু থেকে বাজারে শেয়ারের চাহিদা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে দামও বাড়তে থাকে। যার প্রতিফলন ঘটে সূচকে। গতকাল লেনদেন শুরুর পর বেশ কিছু সময় ডিএসইতে দরপতন হওয়া কোম্পানির তালিকাটি শূন্যই ছিল। দিনের শুরু থেকে লেনদেনের গতিও বেশ ভালো ছিল। তবে দুপুরের পর লেনদেনের গতি কিছুটা শ্লথ হয়ে পড়ে।ঢাকার বাজারে গতকাল রোববার ২৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২২৬টির বা ৮৮ শতাংশেরই দাম বেড়েছে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪০৫ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৩৪ কোটি টাকা বেশি। ডিএসইর সাধারণ মূল্যসূচক এদিন বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৬২৬ পয়েন্টে। সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ৩৬৩ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে রোববার ১৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৮৫ শতাংশ বা ১৫৮টিরই দাম বেড়েছে। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৬ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি।