লেনদেন ও সূচক দুটোই বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুটি শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার আবার লেনদেনের পরিমাণ বেড়েছে। সেই সঙ্গে দুই বাজারে মূল্যসূচকও ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আবারও ৬০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর আগের দুই দিন লেনদেন নেমে এসেছিল সাড়ে ৫০০ কোটি টাকার নিচে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ দিন লেনদেন ৭০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।টানা চার কার্যদিবস দরপতনের পর গতকাল মঙ্গলবার ডিএসইর সাধারণ সূচক বেড়েছে ১ দশমিক ৮১ শতাংশ বা ৮২ পয়েন্ট। এর ফলে দিন শেষে ঢাকার বাজারের সাধারণ সূচক বেড়ে আবার চার হাজার ৫০০ পয়েন্ট অতিক্রম করেছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, ‘পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়াতে চায় সরকার’ সংবাদপত্রে প্রকাশিত এমন খবরেই মূলত এ দিন লেনদেনের শুরু থেকেই বাজারে বেশ চাঙাভাব দেখা যায়।ডিএসইর তথ্য অনুযায়ী, এ দিন তালিকাভুক্ত প্রায় অর্ধশতাধিক কোম্পানির শেয়ারের দর সর্বোচ্চ সীমা (সার্কিট ব্রেকার) স্পর্শ করে। এর মধ্যে মিউচুয়াল ফান্ড ও বস্ত্র খাতের কোম্পানিগুলোরই আধিক্য ছিল। সূচকের ঊর্ধ্বগতি দিয়েই ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম এক ঘণ্টায় ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১২৮ পয়েন্ট বেড়ে চার হাজার ৬২৬ পয়েন্টে ওঠে। এটিই ছিল এ দিন সূচকের সর্বোচ্চ অবস্থান। দিন শেষে অবশ্য তা কমে দাঁড়ায় চার হাজার ৫৭৯ পয়েন্টে। ঢাকার বাজারে এ দিন মোট ৬২৮ কোটি টাকার কেনাবেচা হয়, যা আগের দিনের চেয়ে ১০২ কোটি টাকা বেশি। লেনদেন হয় ২৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের। এর মধ্যে আগের দিনের তুলনায় ২৪৪টির দাম বেড়েছে, কমেছে ২৬টির আর অপরিবর্তিত ছিল ছয়টির।ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ছিল: ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, বাংলাদেশ সাবমেরিন কেব্লস, যমুনা অয়েল, তিতাস গ্যাস, আরএন স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, ইউসিবিএল, আমরা টেকনোলজিস ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।সিএসইর সার্বিক মূল্যসূচক এ দিন প্রায় ৩৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২০ পয়েন্টে। মোট কেনাবেচা হয় ৭১ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে প্রায় নয় কোটি টাকা বেশি। লেনদেন হয় ১৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের। এর মধ্যে আগের দিনের তুলনায় ১৭৫টিরই দাম বেড়েছে, কমেছে ১৪টির আর অপরিবর্তিত ছিল দুটির দাম।