লেনদেন কমলেও সূচক ঊর্ধ্বমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে গতকাল মঙ্গলবারও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল। এ নিয়ে টানা ছয় দিন ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে অতিবাহিত করল দুই স্টক এক্সচেঞ্জে। তবে গতকাল দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন কিছুটা কমেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল দিনশেষে সাধারণ মূল্যসূচক ৫৬ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৫১৪ দশমিক শূন্য ৯ পয়েন্টে দাঁড়ায়। এ নিয়ে ছয় দিনে ডিএসইতে সূচক বাড়ল ৩৯০ পয়েন্ট। ডিএসইতে হাতবদল হওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১১৭টির ও অপরিবর্তিত রয়েছে চারটির। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল এক হাজার ৪১৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৬৩ কোটি টাকা কম।অন্যদিকে সিএসইতে গতকাল সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে দশমিক ৬৬ শতাংশ বেড়ে হয়েছে ১৮ হাজার ২৭৮ দশমিক ৪০ পয়েন্ট। সিএসইতে লেনদেন হওয়া ২০২টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ৯৩টির। গতকাল সিএসইতে ১২৭ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছে।এদিকে পুঁজিবাজারের বর্তমান নেতিবাচক অবস্থা থেকে উত্তরণ ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) ১৭ দফা প্রস্তাব দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস ফোরাম। গতকাল মঙ্গলবার বিকেলে এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের কাছে সংগঠনটির পক্ষ থেকে লিখিতভাবে এই প্রস্তাবগুলো দেওয়া হয়। এ সময় এসইসির চেয়ারম্যান ছাড়াও তিন সদস্য হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসেন, আরিফ খান ও সংগঠনটির আহ্বায়ক আবদুল মান্নান, সদস্যসচিব রুহুল আমিনসহ ১২ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিল।এসব প্রস্তাবের মধ্যে রয়েছে: পুঁজিবাজার উন্নয়নসংক্রান্ত এসইসি, ডিএসই, সিএসই, বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের যেকোনো সভায় বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা; ট্রেজারি বন্ডে কালোটাকা বিনিয়োগের ক্ষেত্রে দুই বছরের লকইন ব্যবস্থা রাখা; বুকবিল্ডিং পদ্ধতির সংস্কার করা; মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোর শেয়ার লেনদেনে কমিশন ন্যূনতম শূন্য দশমিক ২৫ শতাংশ নির্ধারণ, অবিলম্বে ডিএসই ও সিএসইকে ডিমিউচালাইজ করা; বিও হিসাবের চার্জ ও সিডিবিএলের চার্জ ১০০ টাকা নির্ধারণ করা; এসএলআর ও সিআরআরের হার কমানো ইত্যাদি।