লেনদেন কমার কারণ খুঁজছে ডিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে লেনদেন কমে যাওয়ার কারণ খুঁজছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এ কারণ জানতে গত দুই দিনে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছে ডিএসই। এতে বাজারের বিদ্যমান বাস্তবতায় বিভিন্ন সমস্যার কথা উঠে আসে।লেনদেন কমে যাওয়ার জন্য ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিরা প্রান্তিক ঋণকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে। বৈঠক সূত্র জানায়, ঋণ নিয়ে শেয়ারবাজারে যাঁরা বিনিয়োগ করেছেন ধারাবাহিক দরপতনের কারণে তাঁদের অনেকের নিজস্ব মূলধন ঋণাত্মক হয়ে গেছে। এতে ঋণগ্রস্ত এসব বিনিয়োগকারী নিয়মিত লেনদেনে অংশ নিতে পারছেন না। পাশাপাশি নানা কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগও কমে গেছে।গত রোববার ব্রোকারেজ হাউসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় গতকাল সোমবার বিকেলে মার্চেন্ট ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করে ডিএসই। সংস্থাটির সভাপতি রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত মার্চেন্ট ব্যাংকাররা তাঁদের নানা সমস্যার কথা তুলে ধরেন। বৈঠকে উপস্থিত মার্চেন্ট ব্যাংকের একজন শীর্ষ নির্বাহী বলেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। জানতে চাইলে ডিএসইর সভাপতি রকিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বাজারে লেনদেনের পরিমাণ অনেক কমে গেছে। এভাবে লেনদেন কমে যাওয়ার কারণ কী এবং বাজারের সমস্যাগুলো কী—এসব জানতেই এই আলোচনা। পর্যায়ক্রমে সব পক্ষের সঙ্গে আলোচনা করে এবং তাদের সমস্যার কথা শুনে পরবর্তীকালে সেসব সমস্যা সমাধানে করণীয় নির্ধারণ করে তা যথাযথ কর্তৃপক্ষের হাতে দেওয়া হবে।’এদিকে গতকালের সভায় উপস্থিত মার্চেন্ট ব্যাংকাররা যত দ্রুত সম্ভব গবেষণা নির্দেশিকা (রিসার্চ গাইডলাইন) চূড়ান্ত করার কথা বলেন। সেই সঙ্গে মার্চেন্ট ব্যাংকগুলোর তারল্য সমস্যাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।সভায় উপস্থিত এক মার্চেন্ট ব্যাংকার জানান, ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানির শ্রেণী পরিবর্তনের ক্ষেত্রে বোনাস শেয়ার ইস্যুকে বিবেচনায় না নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আবার কেউ কেউ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে অভিহিত মূল্য বা প্রকৃত সম্পদের মূল্যের ভিত্তিতে সরকারি কোম্পানির শেয়ার বরাদ্দের পরামর্শ দেন। ডিএসইর পক্ষ থেকে মার্চেন্ট ব্যাংকগুলোকে বাজারে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি ঋণগ্রস্ত যেসব বিনিয়োগকারীর মূলধন ঋণাত্মক হয়ে গেছে, তাঁদের লেনদেনে সক্রিয় করার বিষয়টি বিশেষভাবে বিবেচনার আহ্বান জানানো হয়।জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘টানা দরপতনের কারণে বেশির ভাগ বিনিয়োগকারী তাঁদের নিয়মিত লেনদেনের আর্থিক সক্ষমতা হারিয়ে ফেলেছেন। এসব বিনিয়োগকারীকে সক্রিয় করা না গেলে লেনদেনের বর্তমান খরা কাটবে না বলে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। আর এসব সমস্যার সমাধানে সবার সম্মিলিত প্রয়াসের কথাও বলেছি আমরা।’এদিকে গতকাল দিনের শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১১৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে পাঁচ কোটি টাকা কম। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা কম।