লেনদেন কমে গেছে বেড়েছে মূল্যসূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজার ছিল ঊর্ধ্বমুখী। দিন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক বেড়ে আবারও পাঁচ হাজার পয়েন্টের ওপরে দাঁড়িয়েছে। তবে দুই বাজারেই লেনদেন কমেছে।তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনার বাধ্যবাধকতা আরোপ ও তা পরিপালনের উদ্যোগ বাজারের ধারাবাহিক দরপতন অনেকটাই থামিয়েছে। এর মধ্যে বুধবার বাজারে দরপতন ঘটেছিল।জানা গেছে, উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে দৃঢ় অবস্থান নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও দেশের দুই স্টক এক্সচেঞ্জ।সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকে অবশ্য বলছেন, যদি কোনো পরিচালক পদ ছেড়ে দেন, সে ক্ষেত্রে এককভাবে ন্যূনতম দুই শতাংশ শেয়ার ধারণের শর্ত পরিপালন করতে হবে না। কোম্পানির পরিচালক থাকতে হলেই কেবল এই শর্ত পরিপালন করতে হবে। তাই সবাইকে শেয়ার কিনতেই হবে এমন কোনো কথা নেই। এদিকে আগের দিনের দরপতনের পর গতকাল মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। দিন শেষেও তা অব্যাহত ছিল। ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ৩১ পয়েন্ট বেড়েছে। শেয়ারের দাম বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে কমে গেছে।যোগাযোগ করা হলে ডিএসইর সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, বুধবার বাজারে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণের বাধ্যবাধকতার বিরুদ্ধে মামলা করার যে গুজব ছড়িয়েছিল, গতকালও এর কিছুটা প্রভাব দেখা গেছে। ওই গুজবের কারণে সাধারণ বিনিয়োগকারীরা হয়তো কিছুটা আস্থাহীনতায় ভুগছেন, যার কারণে অনেকে গতকাল লেনদেনে অংশ নেননি। দিন শেষে গতকাল দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। ঢাকার বাজারে এদিন ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৮৮টির দাম বেড়েছে, কমেছে ৫৪টির আর অপরিবর্তিত ছিল ১৪টির দাম। ডিএসইতে গতকাল প্রায় ২১৭ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২০৪ কোটি টাকা কম।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল প্রায় ৫২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১০১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৬৮ কোম্পানির মধ্যে ৯০টির দাম বেড়েছে, কমেছে ৫৬টির আর অপরিবর্তিত ছিল ২২টির দাম। দিন শেষে চট্টগ্রামের বাজারে প্রায় ৩১ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২৮ কোটি টাকা কম।