লেনদেন কমেছে নেমেছে সূচকও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা হরতালেও দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার স্বাভাবিক লেনদেন হয়েছে। এদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক সামান্য কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১২ পয়েন্ট কমেছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচকও কমেছে ১২ পয়েন্ট। সূচকের পাশাপাশি দুই বাজারে লেনদেনও খানিকটা কমেছে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রায় ঘোষণার পর বাজারে তাৎক্ষণিকভাবে নেতিবাচক প্রভাব পড়ে। রায় ঘোষণার আগ পর্যন্ত সূচক ঊর্ধ্বমূখী থাকলেও রায় ঘোষণার পরপরই সূচক কমতে শুরু করে।জানতে চাইলে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, রায় ঘোষণার পরপরই তাৎক্ষণিক প্রভাবে সূচক কমতে শুরু করে। সে সঙ্গে কিছু শেয়ারে স্বাভাবিক মূল্য সংশোধন হয়েছে। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যেও লেনদেনের পরিমাণ বেশ ভালো ছিল। এত দিন ধরে যেসব ভালো কোম্পানির শেয়ার অবমূল্যায়িত অবস্থায় ছিল, তার মধ্যে অনেকগুলোর মূল্য বৃদ্ধি পেয়ে একটি অবস্থানে এসেছে।শাকিল রিজভী আরও বলেন, অত্যন্ত সংবেদনশীল বাজার হওয়ার কারণে যে ঘটনায় বাজারে তাৎক্ষণিক প্রভাব দেখা যায়, তার কোনো যৌক্তিক ভিত্তি নেই। যেহেতু বাজারে এখন ক্রেতা-বিক্রেতা উভয়েরই বেশ ভালো অংশগ্রহণ রয়েছে, তাই তাৎক্ষণিক এসব প্রভাব স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। মার্চেন্ট ব্যাংক কসমোপলিটনের প্রতিবেদন অনুযায়ী, গতকালও লেনদেনে আধিপত্য ধরে রেখেছে বিদ্যুৎ-জ্বালানি খাত। এ খাতের লেনদেনের পরিমাণ ধারাবাহিকভাবে বাড়ছে। বাজারের মোট লেনদেনের সিংহভাগই আবর্তিত হচ্ছে এ খাতে। বুধবার ডিএসইতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৬১ কোটি টাকা, যা মোট লেনদেনের ৩৭ শতাংশ। মঙ্গলবার ডিএসইর মোট লেনদেনের প্রায় ২৭ শতাংশ ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর দখলে। সেই হিসাবে গতকাল এ খাতের লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে প্রায় ১০ শতাংশ বেড়েছে।এদিকে মেঘনা পেট্রোলিয়ামকে পেছনে ফেলে একক কোম্পানি হিসেবে গতকাল লেনদেনের শীর্ষে উঠে এসেছে তিতাস গ্যাস। এদিন কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ১১৬ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১২ শতাংশ। কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম এদিন ৮ শতাংশ বা সাত টাকা ৪০ পয়সা বেড়ে হয়েছে ১০১ টাকা। আর কোম্পানিটির এই মূল্যবৃদ্ধির কারণে ডিএসইর সূচক বেড়েছে শূন্য দশমিক ৩৭ শতাংশ। ঢাকার বাজারে এদিন ২০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। প্রধান সূচক ডিএসইএক্স কমে দাঁড়িয়েছে চার হাজার ২৮৪ পয়েন্টে। সাধারণ সূচক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৭৫৪ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৯৮৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৩৭ কোটি টাকা কম।চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক এদিন কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩০৭ পয়েন্টে। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা কম।