লেনদেন কমেছে ৪৬ শতাংশ
বাজেট-পরবর্তী সপ্তাহে দেশের শেয়ারবাজারে দরপতন ঘটেছে। সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক কমেছে। মাঝে এক দিন সামান্য সূচক বেড়েছে দুই বাজারে। একই সঙ্গে লেনদেনেও ছিল নিম্নগতি। সপ্তাহ শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে ৩ শতাংশ বা ১৪৯ পয়েন্ট। পাশাপাশি লেনদেন কমেছে প্রায় ৪৬ শতাংশ।এদিকে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নতুন অর্থবছরের বাজেটে কয়েকটি প্রণোদনার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সেই সঙ্গে বিদ্যমান অন্য সব সুবিধা আরও এক বছর বহাল রাখার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম সম্পন্ন করারও ঘোষণা পুনর্ব্যক্ত করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।বাজেট ঘোষণার পরপরই দুই স্টক এক্সচেঞ্জ এটিকে ‘পুঁজিবাজারবান্ধব’ বলে অভিহিত করেছে। সেই সঙ্গে ঘোষিত বাজেটকে স্বাগতও জানিয়েছে। কিন্তু সপ্তাহজুড়ে শেয়ারবাজারে বাজেটের ইতিবাচক কোনো প্রভাবই পড়েনি। বরং পুরো সপ্তাহজুড়ে চলেছে দরপতন। বাজারের এই অবস্থায় গত সপ্তাহে শেয়ারবাজারকে ‘দুষ্টু শেয়ারবাজার’ হিসেবে অভিহিত করেছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে শেয়ারবাজার নিয়ে তিনি তাঁর হতাশার কথাও জানিয়েছেন। অর্থমন্ত্রীর এমন বক্তব্য বিনিয়োগকারীসহ বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এমনকি এমন বক্তব্যের কারণে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে একদল বিনিয়োগকারী রাজধানীর মতিঝিলে ডিএসই ভবনের সামনের সড়কে বিক্ষোভ করেছেন। প্রস্তাবিত বাজেট আর অর্থমন্ত্রীর বক্তব্যের সঙ্গে গত সপ্তাহে যুক্ত হয় আদালতের শুনানির বিষয়টিও। বিশ্লেষকেরা বলছেন, আদালতের শুনানির বিষয়টিও গত সপ্তাহে বাজারের দরপতনের পেছনে বড় ভূমিকা রেখেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ২সিসি ধারাকে চ্যালেঞ্জ করে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির বেশ কয়েকজন পরিচালক আদালতে রিট আবেদন করেন। গত বুধবার এই রিট আবেদনের ওপর শুনানি শুরু হয়। পরপর দুই দিন শুনানি শেষে আজ রোববার আবারও হাইকোর্টের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।গত সপ্তাহে ঢাকার বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে প্রায় ৮৪ শতাংশেরই দরপতন হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে ২৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৩৫টির দাম কমেছে, বেড়েছে মাত্র ৩১টির আর অপরিবর্তিত ছিল নয়টি কোম্পানির শেয়ারের দাম। সপ্তাহ শেষে ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৬২১ পয়েন্টে।সূচক ও শেয়ারের দামের চেয়ে গত সপ্তাহে ঢাকার বাজারে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল লেনদেনের নিম্নগতি। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৫৭ কোটি টাকা। আগের সপ্তাহের চেয়ে যা ৬৫১ কোটি টাকা বা ৪৬ শতাংশ কম। সপ্তাহ শেষে দৈনিক গড় লেনদেনের পরিমাণ কমে নেমে এসেছে প্রায় ১৫১ কোটি টাকায়। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল প্রায় ২৮২ কোটি টাকা।একই সঙ্গে বাজারে মূল্য আয় অনুপাতের (পিই রেশিও) গড় ভারিত্ব কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৩২-এ।