লেনদেন কিছুটা কমেছে সূচকেও ছিল ধীরগতি
দেশের শেয়ারবাজারের লেনদেন ও সূচকের কয়েক দিনের ঊর্ধ্বগতি গতকাল বৃহস্পতিবার কিছুটা স্তিমিত হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের অবস্থানে অপরিবর্তিত ছিল। যদিও এ দিন লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতন ঘটেছে। ঢাকার বাজারে সূচক অপরিবর্তিত থাকলেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কিছুটা কমেছে। পাশাপাশি দুই বাজারে এ দিন লেনদেনের পরিমাণও কমে গেছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত বাজারে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শুরুতে নেতিবাচক প্রভাব থাকলেও দিনের শেষে গিয়ে তা অনেকটাই কেটে যায়। দিনের লেনদেনের পুরোটা সময় সাধারণ বিনিয়োগকারীরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। যোগাযোগ করা হলে পুঁজিবাজার বিশ্লেষক ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আকতার হোসেন সান্নামাত প্রথম আলোকে বলেন, ‘অধিকতর তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসইসি। এ খবরকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা ভীতি ও গুজব তৈরি হয়, যার নেতিবাচক প্রতিফলন আমরা লেনদেনের শুরুতে দেখেছি। অথচ এর আগে শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বিনিয়োগকারীরা রাজপথে মিছিল-সমাবেশ করেছেন। এখন ব্যবস্থা নেওয়ার খবরে তাঁরাই আবার ভীত হচ্ছেন। এটি বিনিয়োগকারীদের স্ববিরোধী অবস্থান।’সান্নামাত আরও বলেন, ‘শুরুতে বাজারে নেতিবাচক প্রভাব দেখা গেলেও লেনদেনের একপর্যায়ে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ফিরে আসার সম্ভাবনার একটি ইতিবাচক খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হয়। এতে তাৎক্ষণিকভাবে বাজারে কিছুটা ইতিবাচক প্রভাবও দেখা যায়। এ অবস্থায় বাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের দামের খাতভিত্তিক উত্থান-পতন ঘটে। এর ফলে কয়েকটি খাতের শেয়ারের দাম বাড়লেও অন্যান্য খাতের কোম্পানির দরপতন ঘটে। তবে বাজারে লেনদেনের যে পরিমাণ তা বিনিয়োগকারীদের জন্য যথেষ্ট আশাব্যঞ্জক।’মূল্যসূচকের পতন দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম পাঁচ মিনিটে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৮৩ পয়েন্ট কমে যায়। পরে সূচক আবার ঊর্ধ্বমুখী হয়। এভাবে লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় সূচকের বেশ কয়েক দফা উত্থান-পতন ঘটে। এরপর সূচকে স্থিতাবস্থা দেখা যায়। ফলে দিন শেষে ডিএসইর সাধারণ সূচক প্রায় চার হাজার ৬৭৯ পয়েন্টের আগের দিনের অবস্থানে অপরিবর্তিত থাকে। ঢাকার বাজারে এ দিন ২৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬৮টিরই দাম কমেছে, বেড়েছে ১০৪টির আর অপরিবর্তিত ছিল মাত্র দুটির দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় এক হাজার ১১৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৬৯ কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারে এ দিন ১৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১২১টিরই দাম কমেছে, বেড়েছে ৭৩টির আর অপরিবর্তিত ছিল দুটির দাম। সিএসইর সার্বিক সূচক এ দিন কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৮৫ পয়েন্টে। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১২৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি টাকা কম।