লেনদেন কয়েক মাসের মধ্যে সবচেয়ে কম
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার মোট লেনদেন ছিল কয়েক মাসের মধ্যে সবচেয়ে কম। এ ছাড়া বেশির ভাগ শেয়ারের দরপতন ও সাধারণ সূচক কমে যাওয়ায় দিনভর শেয়ারবাজারে ছিল অস্থিরভাব। আর্থিক লেনদেন কম হওয়া, শেয়ারের দর ও সাধারণ সূচকের পতনে নতুন করে বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বাজার বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক ঘটনাবলিতে বিনিয়োগাকারীরা ধীরে ধীরে বাজারের ওপর আস্থা হারিয়ে ফেলছেন। এর ফলে বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ডিএসই সূত্রে জানা যায়, বেশির ভাগ শেয়ারের দরপতনের মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে। দিন শেষে দেখা যায় ডিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ১৯৯টির এবং দাম অপরিবর্তিত থাকে তিনটির। একই সঙ্গে সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৪৮ দশমিক ৬৬ পয়েন্ট কমে ৮২০৬ দশমিক ১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর পাশাপাশি আর্থিক লেনদেনও আজ কমেছে। ডিএসইতে আজ মোট এক হাজার ২৬৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৮৮ কোটি টাকা কম।আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—ম্যাকসনস স্পিনিং মিলস, আফতাব অটোমোবাইল, ইউসিবিএল, এবি ব্যাংক, শাইনপুকুর সিরামিক, বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক, তিতাস গ্যাস, ব্র্যাক ব্যাংক ও প্রাইম ব্যাংক।ডিএসই ওয়েবসাইট সূত্রে দাম বাড়ায় আজ শীর্ষে ছিল মুন্নু স্টাফলার। এ ছাড়া চট্টগ্রাম ভেজিটেবল, ফার্মা এইড, স্টাইলক্রাফট, সোনালি আঁশ, ইস্টার্ন কেবল, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, প্রথম বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা মিউচুয়াল ফান্ড, হক্কানি পাল্প অ্যান্ড পেপার ও আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড দাম বাড়ায় শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। এদিকে আজ সবচেয়ে বেশি কমেছে ম্যাকসনস স্পিনিংয়ের শেয়ারের দাম। এ ছাড়া বিএসসি, ডিবিএইচ, মুন্নু জুটেক্স, প্যারামাউন্ট ইনস্যুরেন্স, তাল্লু স্পিনিং, আজিজ পাইপ, ফিডেলিটি অ্যাসেটস অ্যান্ড সিকিউরিটিজ কোম্পানি, জুট স্পিনার্স ও প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ড দাম কমে যাওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ ডিএসইর বাজারমূলধন ছিল তিন লাখ ৪৮ হাজার ৭৮ কোটি টাকা।