লেনদেন দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাসের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আবারও সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১১৬ কোটি টাকা। চলতি বছরের ২১ জানুয়ারির পর এটাই সর্বনিম্ন লেনদেন। সর্বশেষ ২১ জানুয়ারি ঢাকার বাজারে প্রায় ১০২ কোটি টাকার লেনদেন হয়েছিল।এদিকে লেনদেন কমে গেলেও ডিএসইতে এদিন মূল্যসূচক বেড়েছে। সূচকের ধারাবাহিক পতন ঠেকাতে কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সক্রিয় ভূমিকার কারণে গতকাল সূচক ঊর্ধ্বমুখী হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল প্রথম আলোকে বলেন, বাজারে যেসব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী রয়েছে, তাদের একটি অংশ হয়তো চাইছে সূচকটিকে একটি জায়গায় ধরে রাখতে। সেই প্রচেষ্টায় গতকাল লেনদেনের শুরু থেকেই তারা বাজারে অধিক সক্রিয় ছিল। বিশেষ করে সরকারি পর্যায়ের প্রতিষ্ঠানগুলোই এই ভূমিকায় ছিল। যার ফলে এদিন সূচকের উত্থান ঘটেছে। মোহাম্মদ হেলাল আরও বলেন, বাজার বর্তমানে যে অবস্থায় নেমে এসেছে, সেখান থেকে এটি ঘুরে দাঁড়াতে হলে লেনদেনেরও উন্নতি ঘটতে হবে। বাজারে সব ধরনের বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়তে থাকলে বর্তমান পরিস্থিতির উন্নতি ঘটবে বলে মত দেন এই অর্থনীতিবিদ। কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, গতকাল ঢাকার বাজারে লেনদেনে প্রাধান্য ছিল মূলত ওষুধ খাতের। নতুন তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মার লেনদেনকে কেন্দ্র করেই এ খাতটি লেনদেনের শীর্ষে উঠে আসে। দিন শেষে ওষুধ খাতের কোম্পানিগুলোর সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৭ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২৩ শতাংশ। একক কোম্পানি হিসেবে লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ফার্মা। এদিন কোম্পানিটির প্রায় ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের ১৩ শতাংশ। গতকাল এক দিনে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম সোয়া ৭ শতাংশ বা চার টাকা ৯০ পয়সা বেড়েছে। এদিকে গত কয়েক দিনে নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের বেশ দরপতন ঘটেছে। আর গতকাল এসব কোম্পানির অধিকাংশই দর বৃদ্ধির শীর্ষ ১০-এর তালিকায় ছিল। নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে এদিন গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রতিটি শেয়ারের দাম পাঁচ টাকা ৩০ পয়সা, প্রিমিয়ার সিমেন্টের দাম পাঁচ টাকা ৫০ পয়সা ও গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম দুই টাকা ২০ পয়সা বেড়েছে। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি দিয়েই ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। লেনদেনের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত ছিল। দিন শেষে ডিএসইতে ২৬১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২১৩টির শেয়ারেরই দাম বেড়েছে, কমেছে ২৯টির আর অপরিবর্তিত ছিল ১৯টির শেয়ারের দাম। লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৭৯৪ পয়েন্টে। নতুন চালু হওয়া সূচক ডিএসইএক্স প্রায় ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৬৮২ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৪১৮ পয়েন্টে। এদিন সিএসইতে ১৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১২৭টির শেয়ারেরই দাম বেড়েছে, কমেছে ২৮টির আর অপরিবর্তিত ছিল ১৪টির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা কম।